কলেজজীবনের প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বিজয়ের পুত্র সঞ্জয়

কলেজজীবনের প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বিজয়ের পুত্র সঞ্জয়

দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় নিজের কলেজজীবনের প্রেম ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন। বর্তমানে নিজের পরিচালনায় অভিষেক হওয়া সিনেমা ‘সিগমা’ নিয়ে ব্যস্ত এই তরুণ নির্মাতা জানিয়েছেন, জীবনে তিনি মাত্র একবার প্রেমে পড়েছিলেন। সম্প্রতি ভিজে সিদ্ধুর ভ্লগে অভিনেতা…

দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় নিজের কলেজজীবনের প্রেম ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন। বর্তমানে নিজের পরিচালনায় অভিষেক হওয়া সিনেমা ‘সিগমা’ নিয়ে ব্যস্ত এই তরুণ নির্মাতা জানিয়েছেন, জীবনে তিনি মাত্র একবার প্রেমে পড়েছিলেন। সম্প্রতি ভিজে সিদ্ধুর ভ্লগে অভিনেতা সন্দীপ কিশানের সঙ্গে হাজির হয়েছিলেন জেসন। সেখানে তার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাওয়া হলে কলেজজীবনের সেই সম্পর্কের কথা জানান তিনি।

বিদেশে পড়াশোনার সময় ওই তরুণীর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। প্রায় দেড় বছর তারা সম্পর্কে ছিলেন। তবে শেষ পর্যন্ত দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি ঘটে। জেসন বলেন, একটিই প্রেম ছিল। অনেক দিন আগের কথা, কলেজে পড়ার সময়। আমরা দেড় বছর প্রেম করেছি। এটি দুজনের সম্মতিতে হওয়া বিচ্ছেদ। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম।

দূরত্বের কারণে সম্পর্কটি ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। তখন তিনি বিদেশে থেকে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করছিলেন। ফলে দুজনের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়। বিচ্ছেদের পর মানসিকভাবে সেই সময়টা কীভাবে সামলেছিলেন এমন প্রশ্নের জবাবে জেসন জানান, গান তাকে সেই সময় পার হতে সাহায্য করেছিল। তিনি বলেন, আমি যুবান শঙ্কর রাজার প্রেমের গান শুনতাম।

বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও সতর্ক ছিলেন জেসন। বিশেষ করে ইনস্টাগ্রামে আবেগঘন কোনো পোস্ট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জেসন বলেন, আমি ইনস্টাগ্রামে স্টোরি দিতে চাইতাম না। কারণ, সেগুলো পোস্ট করার পর যদি আবার আমাদের যোগাযোগ হয়, তাহলে সেই পরিস্থিতি থেকে বের হওয়া কঠিন হয়ে যেত। আমরা দূরত্ব বজায় রেখেছিলাম।

তবে সেই অধ্যায় এখন পুরোপুরি পেছনে ফেলে এসেছেন বলেও জানান তিনি। জেসনের কথায়, এখন আমি ভালো আছি। তখন সময়টা ভালোই ছিল। কিন্তু এখন আমরা দুজনই নিজেদের জীবন নিয়ে এগিয়ে গেছি। এরপর আমি সিগমা নির্মাণের কাজে নেমে পড়ি।

জেসন সঞ্জয়ের পরিচালনায় অভিষেক হয়েছে ‘সিগমা’ সিনেমার মাধ্যমে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিশান। আরও অভিনয় করেছেন ফারিয়া আবদুল্লাহ, রাজু সুন্দরম, সম্পথ রাজ ও মাগালাক্ষ্মী সুদর্শনন। সাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির পঞ্চম দিনে ভারতে সিনেমাটি নিট ৭৯ লাখ রুপি আয় করেছে। এদিন ১ হাজার ৪৩৯টি শো থেকে এই আয় হয়। সব মিলিয়ে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৯৮ লাখ রুপি এবং মোট আয় ৭ কোটি ৯৩ লাখ রুপি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন