চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির

চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের একটি চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দেওয়ার পর প্রাণীটির হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার পর ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, খাঁচায় ঢোকার পর বাঘটি…

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের একটি চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দেওয়ার পর প্রাণীটির হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার পর ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, খাঁচায় ঢোকার পর বাঘটি ওই ব্যক্তির ওপর হামলা চালায় এবং গুরুতর আহত করে। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে খাঁচার ভেতরে বাঘটিকে ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে। তবে পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের অনুরোধ, হামলার এসব দৃশ্য কেউ যেন আর ছড়িয়ে না দেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর বাঘটি আহত হয়নি এবং খাঁচার ভেতরেই ছিল। এ ঘটনায় চিড়িয়াখানার অন্য দর্শনার্থীদের জন্যও কোনো ঝুঁকি নেই।

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক এক বিবৃতিতে জানিয়েছে, খাঁচার ভেতরে একটি গুরুতর ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে জরুরি ব্যবস্থা চালু করা হয় এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

২০০৯ সালে চালু হওয়া এই চিড়িয়াখানায় ২০১১ সালে ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ নামে বাঘের জন্য বিশেষ এলাকা খোলা হয়। প্রায় দুই একর আয়তনের এই সংরক্ষিত এলাকায় বিপন্ন আমুর প্রজাতির বাঘ রাখা হয়। বন্য পরিবেশে এই প্রজাতির প্রায় ৫০০ বাঘ টিকে আছে বলে ধারণা করা হয়।

ইয়র্কশায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স, একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং একজন চিকিৎসকসহ জরুরি সেবার একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন