প্রখ্যাত লেখক মরহুম মাহফুজ উল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ (Begum Khaleda Zia: Her Life, Her Story) বইটি জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরির সংগ্রহে স্থান পেয়েছে। বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট গোলাম ফারুক শাহীনের উদ্যোগে বইটি উক্ত লাইব্রেরিতে স্থান পায়।
২০২২ সালে লাইব্রেরিতে বইটি দেওয়া হয় এবং ৫ ডিসেম্বর ২০২২ তারিখে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে। জাতিসংঘের সেই স্বীকৃতি পত্র ও বইটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করা চিঠি গত ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন গোলাম ফারুক শাহীন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে বাংলাদেশে ফেরার আগে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে বইটিও তুলে দেন। তারেক রহমান বইটি গ্রহণ করে শাহীনকে ধন্যবাদ জানান এবং দলের জন্য তার কাজ অব্যাহত রাখার কথা বলেন।
গোলাম ফারুক শাহীন জানান, ২০২২ সালে বইটি জাতিসংঘের লাইব্রেরিতে দেওয়ার পরও তখন বিষয়টি প্রকাশ করেননি। তার ভাষ্য, সে সময় রাজনৈতিক পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে বিষয়টি প্রকাশ করলে তার দেশের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার আশঙ্কা ছিল। ওই সময়ে তারা যুক্তরাষ্ট্র থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি, মামলা প্রত্যাহার ও সুচিকিৎসার পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছিলেন।
২০২২ সালের ৫ ডিসেম্বর নিউইয়র্ক থেকে পাঠানো চিঠিতে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরির গিফটস লাইব্রেরিয়ান এবং ডিপার্টমেন্ট অব গ্লোবাল কমিউনিকেশনসের আউটরিচ ডিভিশনের কর্মকর্তা জ্যানিন পিকার্ড, গোলাম ফারুক শাহীনকে বইটি গ্রহণের বিষয়টি জানান।
চিঠিতে বলা হয়, ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইটি লাইব্রেরির সংগ্রহে একটি মূল্যবান সংযোজন হবে। বইটি উপহার দেওয়ার জন্য শাহীনের উদ্যোগ ও আন্তরিকতার প্রশংসা করে তার প্রতি সম্মান ও শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে লেখা বইটি বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে রচিত। জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরির সংগ্রহে যুক্ত হওয়ার বইটি এখন আন্তর্জাতিক গবেষকদের জন্যও সংরক্ষিত থাকছে।
নিউইয়র্কের ৪০৫ ইস্ট ৪২ স্ট্রিটে অবস্থিত ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরিতে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সম্পর্ক, জাতিসংঘের কার্যক্রম ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রকাশনা ও নথি সংরক্ষিত রয়েছে।
গোলাম ফারুক শাহীন বলেন, নিজের তাগিদ থেকেই তিনি বইটি জাতিসংঘের লাইব্রেরিতে দিয়েছেন। তার মতে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করতে আসা দেশ-বিদেশের গবেষকরা বইটি থেকে তথ্য ও উপাত্ত পাবেন এবং গবেষণায় তা ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, শাহীন বলেন, জাতিসংঘের সদর দপ্তরে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র প্রধানের বই সংরক্ষিত হলো।








মন্তব্য