শ্রীলঙ্কান সাবেক অলরাউন্ডার চামিন্ডা ভাস আইপিএলে তার প্রথম কোচিং অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। ২০২৭ আসরকে সামনে রেখে তাকে ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
টেস্টে ৩৫৫ ও ওয়ানডেতে ৪০০ উইকেটের মালিক ভাস শ্রীলঙ্কার অন্যতম সফল বোলার। প্রধান কোচ সৌরভ গাঙ্গুলির অধীনে পুনর্গঠিত দিল্লি ক্যাপিটালসের নতুন কোচিং স্টাফে যোগ দিচ্ছেন তিনি। এই সপ্তাহের শুরুতেই সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে ঘোষণা করেছিল দিল্লি। এর মাধ্যমে টানা দুই মৌসুম ক্যাপিটালসের বোলিং কোচের দায়িত্বে থাকা মুনাফ প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন ভাস।
৫২ বছর বয়সী ভাস এর আগে তিন দফায় শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। কোচিং ক্যারিয়ারে তার হাতেখড়ি হয়েছিল নিউজিল্যান্ড দলের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে। এরপর ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করার পর আবারও শ্রীলঙ্কা দলে ফিরেছিলেন এই লঙ্কান পেস কিংবদন্তি।
কোচিং ছাড়াও খেলোয়াড় হিসেবে আইপিএলের অভিজ্ঞতা রয়েছে ভাসের। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে খেলেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৩টি ম্যাচে ১৮টি উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই সাবেক পেসার।
প্রসঙ্গত, ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রথম তিন বলে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছিলেন চামিন্দা ভাস।








মন্তব্য