চ্যাম্পিয়ন্স লিগে বুধবার পোর্তোর বিপক্ষে রিয়াল বেটিসের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনি। কিন্তু ম্যাচ শেষে জানা গেল এক অপ্রীতিকর খবর। ওই ম্যাচ চলাকালীনই সেভিয়ায় তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ইএসপিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বেটিসের ঘরের লা কার্তুজা স্টেডিয়ামে ম্যাচ শুরু করা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে বলেন, যে রাতটি দারুণ হতে পারত, তা শেষ পর্যন্ত ক্ষোভ, বিষাদ ও হতাশার রাতে পরিণত হলো। আমার বাড়িতে চুরি হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি আরও লেখেন, আমরা অনেক পরিশ্রম, সাধনা ও আত্মত্যাগের মাধ্যমে যা অর্জন করেছি, সেগুলো এমন কেউ নিয়ে গেছে। সে জানেই না প্রতিটি জিনিস পাওয়ার জন্য আমাদের কী পরিমাণ লড়াই করতে হয়েছে।
অ্যান্তনি লেখেন, সবচেয়ে বেশি ক্ষোভের বিষয় শুধু বস্তুগত ক্ষতি নয়, বরং এমন একটি জায়গায় নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হওয়া- যেখানে আমাদের সবচেয়ে বেশি নিরাপদ বোধ করার কথা। পরিবারের দিকে তাকিয়ে ভালোবাসার মানুষদের চোখে আমি আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখেছি, যা এমন একটি পরিস্থিতির পর পিছু ছাড়ে না। আমার পরিবারের জীবন ও সুস্থতার চেয়ে মূল্যবান এই দুনিয়ায় কোনো বস্তুগত সম্পদ নেই।
উল্লেখ্য, চলতি সপ্তাহে লা লিগার কোনো খেলোয়াড়ের বাসায় চুরির শিকার হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।
এর আগের দিন মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে ভিয়ারিয়ালের ম্যাচটিতে খেলতে পারেননি দলটির গোলরক্ষক পেতার গুলাচি। এর ঠিক একদিন আগে তিনি ও তার পরিবার এক সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন।
বৃহস্পতিবার অনুশীলনে ফেরা গুলাচি জানান, এ ঘটনায় কেউ আহত হননি, তবে পুরো অভিজ্ঞতাটিকে তিনি ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রথমে ধারে রিয়াল বেটিসে যোগ দিয়েছিলেন আন্তোনি, এবং সে বছরের গ্রীষ্মে ক্লাবটি তাকে স্থায়ীভাবে কিনে নেয়।
সূত্র: ইএসপিন।








মন্তব্য