রোনালদোর ক্যাম্প ছেড়ে যাওয়াকে ভুল বললেন ইংলিশ কিংবদন্তি

রোনালদোর ক্যাম্প ছেড়ে যাওয়াকে ভুল বললেন ইংলিশ কিংবদন্তি

সম্প্রতি আন্তর্জাতিক বিরতির চলাকালে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর তীব্র সমালোচনা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তার সাবেক সতীর্থ ওয়েইন রুনি। পর্তুগিজ কোচ জর্জ জেসুসের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে ৪১ বছর বয়সী এই মহাতারকা যেভাবে পুরো পরিস্থিতি সামলেছেন, তা…

সম্প্রতি আন্তর্জাতিক বিরতির চলাকালে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর তীব্র সমালোচনা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তার সাবেক সতীর্থ ওয়েইন রুনি। পর্তুগিজ কোচ জর্জ জেসুসের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে ৪১ বছর বয়সী এই মহাতারকা যেভাবে পুরো পরিস্থিতি সামলেছেন, তা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক এই কিংবদন্তি।

ইউয়েফা নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ৩০ মিনিট ওয়ার্ম-আপ করার পরও মাঠে নামানো হয়নি রোনালদোকে। এতে ক্ষুব্ধ হয়ে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগেই ক্যাম্প ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর এক বিবৃতিতে কোচ জেসুসের বিরুদ্ধে ‘কথা না রাখার’ অভিযোগ তোলেন এবং নিজেকে পেলে ও দিয়েগো ম্যারাডোনার সমকক্ষ হিসেবে দাবি করেন।

মজার বিষয় হলো, আল নাসরে জেসুসের অধীনে ট্রফি জিতেছিলেন রোনালদো এবং ২০২৬ বিশ্বকাপের পর জেসুসকে জাতীয় দলের কোচ করার পরামর্শও দিয়েছিলেন তিনিই। তবে জাতীয় দল ছেড়ে সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে কোচকে প্রকাশ্যে আক্রমণ করাকে চরম অন্যায্য ও শ্রদ্ধাহীন হিসেবে দেখছেন ফুটবলবোদ্ধারা।

‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে রোনালদোর কর্মকাণ্ড নিয়ে রুনি বলেন, রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন ‘কেন?’ ঠিক যে দিনে মেসির আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায়ের খবর এল, সেদিনই ওর পর্তুগাল দল ছেড়ে এভাবে বিবৃতি দেওয়া। এটা সব দিক থেকেই ভুল।”

সাবেক সতীর্থকে নিয়ে আক্ষেপ করে রুনি আরও যোগ করেন, একজন কোচকে খাটো করা, এভাবে সতীর্থদের ছোট করা। পর্তুগাল ফুটবল ফেডারেশনের মর্যাদা ক্ষুণ্ন করাটাও বড় অপরাধ। একজন ফুটবলার, সাবেক সতীর্থ কিংবা কোচের দৃষ্টিকোণ থেকে এমন দৃশ্য দেখা সত্যিই বেদনাদায়ক। সব খেলোয়াড়ের জীবনেই এই সময়টা আসে, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে হয়। কিন্তু দুঃখজনকভাবে সে বিষয়টি মানতে পারছে না। দৃশ্যটা দেখা সত্যিই অস্বস্তিকর।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে একসঙ্গে খেলেছেন রুনি ও রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিলেন তারা। সেই পুরোনো বন্ধু হলেও, জেসুসকে সংবাদ সম্মেলনে কী বলতে হবে তা নিয়ে রোনালদোর দেওয়া নির্দেশনামায় চরম ক্ষুব্ধ হয়েছেন রুনি।

রোনালদোর এই আচরণের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন ফুটবলার কখনো কোচকে শিখিয়ে দিতে পারে না যে সংবাদ সম্মেলনে তার কী বলা উচিত। আমার ক্যারিয়ারে এমন ঘটনা কখনও দেখিনি।

এই ঘটনার পর গত ১০ অক্টোবর পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত চলাকালীন পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের যেকোনো কার্যক্রম থেকে তাকে বাইরে রাখা হয়েছে। তবে কোচ জর্জ জেসুস নিজের কঠোর অবস্থানে থেকেও ভবিষ্যতে রোনালদোর ফেরার পথ খোলা রেখেছেন এবং রোনালদো নিজেও জানিয়েছেন, জাতীয় দলের জন্য তিনি সবসময়ই প্রস্তুত।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন