হুতিদের হামলার শঙ্কায় সৌদি প্রো লিগের তিন ম্যাচ স্থগিত

হুতিদের হামলার শঙ্কায় সৌদি প্রো লিগের তিন ম্যাচ স্থগিত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলাকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি ও শঙ্কার মধ্যে সৌদি প্রো লিগের (এসপিএল) নবম সপ্তাহের তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লিগ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। স্থগিত ম্যাচগুলোর একটি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ও আল আহলির মধ্যকার।…

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলাকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি ও শঙ্কার মধ্যে সৌদি প্রো লিগের (এসপিএল) নবম সপ্তাহের তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লিগ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। স্থগিত ম্যাচগুলোর একটি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর ও আল আহলির মধ্যকার।

এক বিবৃতিতে এসপিএল জানায়, ‘লজিস্টিক বিবেচনায় এবং ম্যাচের মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করতে’ সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

লিগের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আল আহলি ও রোনালদোর আল নাসরের মধ্যকার ম্যাচটি পিছিয়ে ২০২৭ সালের ৬ মার্চ নির্ধারণ করা হয়েছে।

এসপিএল জানিয়েছে, নবম সপ্তাহের বাকি ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার রিয়াদে উজবেকিস্তানের নেফতচি ফেরগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি রাজধানীর দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে।

সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর এ সিদ্ধান্ত এল। সাম্প্রতিক সংঘাতে সীমান্ত পেরিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলাও বেড়েছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত চলছে। ২০১৫ সালে ওই সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন