ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
জেনারেল ধীরাজ শেঠ চলতি বছরের ৩০ জুন ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে, সোমবার ঢাকা ছাড়ার পর মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ থেকে তার আকস্মিক দিল্লি সফর এবং মোদির সঙ্গে বৈঠককে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে চলমান যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় ও বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান দিল্লির কাছে তুলে ধরতেই দীনেশ ত্রিবেদীর এ সফর। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
তবে দীনেশ ত্রিবেদীর মোদির সঙ্গে বৈঠক বা সেনাপ্রধানের সঙ্গে তার আলোচনার বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।








মন্তব্য