ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে ‘ভয়াবহ বিস্ফোরণের’ খবর দিয়েছে ইরানের সংবাদমাধ্যম। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।
শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি অজ্ঞাতনামা সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচল করা কয়েকটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এতে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তবে কূটনৈতিক আলোচনার এই বার্তার মধ্যেও ইরানের তেলবাণিজ্যের ওপর চাপ অব্যাহত রাখছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেল বিক্রিতে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
সম্প্রতি ইরানের তেলবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ২৭টি কোম্পানি, ছয়জন ব্যক্তি এবং ২২টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ দপ্তর।
হরমুজ প্রণালিতে বিস্ফোরণের খবর এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ঘিরে নতুন উদ্বেগের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। লেনদেন শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৪ দশমিক ২৮ ডলারে। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৪৯ ডলারে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ে চাপ আরও বাড়তে পারে। ফলে অঞ্চলটিতে সামরিক উত্তেজনা এবং নৌযান চলাচলের পরিস্থিতির দিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র: আল জাজিরা








মন্তব্য