ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সদ্য বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া ফারহান আলী ওয়াহিদ। ১৯ বছর বয়সি এই ফুটবলার গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের হয়ে অভিষেকের পাশাপাশি ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোলও করেন। এবার ক্লাব ফুটবলেও বিশেষ স্বীকৃতি পেলেন বাংলাদেশের শিকড় থাকা এই তরুণ।
২০১৯ সাল থেকে ফুলহাম ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে একাডেমির বর্ষসেরা ফুটবলারকে পুরস্কৃত করে আসছে ক্লাবটি। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটে নির্বাচিত সেরা তরুণ ফুটবলারকে দেওয়া হয় ‘জনি হেইনেস ট্রফি’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ২০২৬ সালের বিজয়ী হিসেবে ফারহানের নাম ঘোষণা করে ফুলহাম।
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ সালের জনি হেইনেস ট্রফি জিতেছেন।
পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে ফারহান বলেন, সতীর্থদের ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করা তার জন্য অত্যন্ত আনন্দের ও তৃপ্তিদায়ক। সতীর্থদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না বলেও জানান তিনি। তার মতে, সতীর্থরাই ভালো খেলার মানদণ্ড তৈরি করেন, অনুপ্রেরণা জোগান এবং প্রতিযোগিতামূলক পরিবেশের মাধ্যমে তাকে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে সহায়তা করেন। অতীতে যারা এই ট্রফি জিতেছেন, তাদের তালিকায় নিজের নাম দেখতে পাওয়াকেও বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
গত মৌসুমে পেশাদার ফুটবলে নিজের প্রথম বছরেই দারুণ পারফরম্যান্স দেখান ফারহান। ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার পারফরম্যান্সে লিগে চতুর্থ স্থান অর্জন করে দলটি। গত বছরের নভেম্বরে প্রতিযোগিতাটির মাস সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন এই তরুণ।
পরে ফুলহাম থেকে ধারে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন ফারহান। দলটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন তিনি।
ফারহানের জন্ম ২০০৬ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যে। তার বাবা-মা দুজনেরই জন্ম সেখানে হলেও পরিবারের শিকড় বাংলাদেশের সিলেটে। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পর ২০১৯ সালে ফুলহামে যোগ দেন তিনি।
ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের জার্সি বেছে নেন ফারহান। গত মে মাসে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এরপর গত মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ। এবার ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের স্বীকৃতি পেয়ে ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি উল্লেখযোগ্য অর্জন।








মন্তব্য