আর্জেন্টিনা ম্যাচের পর জার্সি, ছবি ও লভ্যাংশ না পাওয়ায় ক্ষুব্ধ বেনিন

আর্জেন্টিনা ম্যাচের পর জার্সি, ছবি ও লভ্যাংশ না পাওয়ায় ক্ষুব্ধ বেনিন

মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর জমকালো প্রদর্শনী ম্যাচের পর চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বেনিন ফুটবল ফেডারেশন। হাই-প্রোফাইল এই প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া সত্ত্বেও সফরকারী আফ্রিকান দলটিকে জার্সি বদল, ছবি তোলা কিংবা অর্থনৈতিক লভ্যাংশ পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে…

মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর জমকালো প্রদর্শনী ম্যাচের পর চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বেনিন ফুটবল ফেডারেশন। হাই-প্রোফাইল এই প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া সত্ত্বেও সফরকারী আফ্রিকান দলটিকে জার্সি বদল, ছবি তোলা কিংবা অর্থনৈতিক লভ্যাংশ পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনার বরাত দিয়ে গোলডটকম ঘটনার পেছনের নানা অনিয়ম ও চরম বৈষম্যের কথা তুলে ধরেছে। 

এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটির পর নিজেদের প্রতি এমন আচরণ দেখে রীতিমতো হতবাক বেনিনের জাতীয় দল। স্বাগতিকদের জন্য ম্যাচটি মেসির স্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারকে বরণ করে নেওয়ার এক মহান মঞ্চ হলেও শেষ বাঁশি বাজার পর ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন জার্নট রোরের শিষ্যরা। বিশ্বচ্যাম্পিয়ন প্রতিপক্ষ ফুটবলারদের সাথে সামান্য কুশল বিনিময় বা মেলামেশার সুযোগটুকুও দেওয়া হয়নি তাদের।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও ম্যাচ আয়োজকদের কঠোর বিধিনিষেধের সমালোচনা করে সাংবাদিক মোলিনা লেখেন, বেনিনের প্রতি আর্জেন্টাইন ফেডারেশন (এবং খেলোয়াড়দের) ‘শ্রদ্ধাবোধের’ নমুনা দেখুন: কোনো বোনাস দেওয়া হয়নি, রাজস্বের এক পয়সাও তাদের দেওয়া হয়নি, কোনো জার্সি বিনিময় হয়নি, এমনকি একটি ছবি তোলার সুযোগও মেলেনি! আর্জেন্টাইন ড্রেসিংরুম সংলগ্ন করিডোরে প্রবেশের ওপরও ছিল কঠোর নিষেধাজ্ঞা।

তিনি আরও লেখেন, ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্য অন্য একটি দেশকে কেবল মাত্র ‘পুতুল বা প্রদর্শনী সামগ্রী’ হিসেবে ব্যবহার করা হলো।

ম্যাচ শেষের এই অনাকাঙ্ক্ষিত আচরণ বেনিন শিবিরের আগুনে ঘি ঢেলে দিয়েছে। কারণ বুয়েনস আইরেসে পৌঁছানোর পর থেকেই নিম্নমানের আবাসন ও যাতায়াত ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিল দলটি। হাউসফুল এই জমকালো প্রদর্শনী থেকে অর্জিত লভ্যাংশের বিন্দুমাত্র না পাওয়ায় বেনিনের খেলোয়াড় ও কোচিং স্টাফরা চরম অপমানিত বোধ করছেন। মাঠের খেলায় স্বাগতিক আর্জেন্টিনা ৩-০ গোলের সহজ জয় পেলেও, মাঠের বাইরের এমন কাণ্ড উদযাপনকে রূপ দিয়েছে এক বাজে অভিজ্ঞতায়।

সূত্র: গোলডটকম। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন