এল ক্লাসিকোর রেফারি নিয়ে রিয়াল শিবিরে স্বস্তি

এল ক্লাসিকোর রেফারি নিয়ে রিয়াল শিবিরে স্বস্তি

বার্সেলোনা ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মধ্যকার বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ঘিরে ম্যাচের আগেই শুরু হয়ে গেছে রেফারিয়িং সংক্রান্ত বিতর্ক। স্প্যানিশ রেডিও চ্যানেল ‘রেডিও মার্কা’ খবর প্রকাশ করে যে, আগামী ২৫ অক্টোবর রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া হাই-ভোল্টেজ এই…

বার্সেলোনা ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মধ্যকার বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ঘিরে ম্যাচের আগেই শুরু হয়ে গেছে রেফারিয়িং সংক্রান্ত বিতর্ক। স্প্যানিশ রেডিও চ্যানেল ‘রেডিও মার্কা’ খবর প্রকাশ করে যে, আগামী ২৫ অক্টোবর রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া হাই-ভোল্টেজ এই ম্যাচে বাঁশি বাজাবেন বিতর্কিত রেফারি আলেহান্দ্রো এরনান্দেস। তবে সাম্প্রতিক তথ্যে জানা গেছে, পরিস্থিতি বাস্তবে মোটেও সেরকম নয়।

রেফারিং বিশ্লেষণে বিশেষায়িত অ্যাকাউন্ট ‘আর্কাইভ ভিএআর’ মার্কার এই প্রতিবেদনটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। তাদের দাবি, ঐতিহ্যবাহী এই লড়াইয়ের জন্য এরনান্দেসকে মোটেও বিবেচনায় রাখা হয়নি।

লা লিগা ও দ্বিতীয় বিভাগের ম্যাচগুলোতে রেফারিদের পারফরম্যান্স মূল্যায়ন করা এই সংস্থাটির সাথে স্প্যানিশ রেফারি কমিটির বেশ নিবিড় সম্পর্ক রয়েছে। তারা স্পষ্ট করেছে যে, ক্লাসিকোর রেফারি নিয়োগে নিয়োগ কমিটির কোনো আনুষ্ঠানিক বৈঠকই এখনো অনুষ্ঠিত হয়নি। ফলে চূড়ান্ত রেফারির নাম এখনো পুরোটাই অজানা।

এদিকে কাতালান দৈনিক ‘স্পোর্ট’ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল সূত্রে নিশ্চিত করেছে যে, এবার রেফারি নিয়োগে নতুন এক নীতি গ্রহণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে রেফারির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ক্যানারি দ্বীপপুঞ্জে জন্ম নেওয়া এরনান্দেসের ক্লাসিকো পরিচালনার গুঞ্জন উঠতেই রিয়াল মাদ্রিদ সমর্থক ও গণমাধ্যমগুলোতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি এল ক্লাসিকো পরিচালনা করেছেন তিনি, যার মধ্যে ৩টিতে জয় পেয়েছে বার্সেলোনা, ২টি ড্র হয়েছে এবং রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে মাত্র ১টিতে।

তবে স্প্যানিশ পত্রিকা ‘স্পোর্ট’-এর মতে, রিয়াল মাদ্রিদ শিবিরের নানা অভিযোগ ও আপত্তি সত্ত্বেও হিসাব করলে দেখা যাবে- বিতর্কিত সিদ্ধান্তগুলোর সমীকরণ কিন্তু উভয় দলের জন্যই বেশ ভারসাম্যপূর্ণ ছিল।

২০১৭ সালের ২৩ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার ৩-২ গোলের সেই স্মরণীয় জয়ের কথা সবার মনে থাকার কথা। যা লিগ শিরোপার দৌড় নতুন করে জমিয়ে তুলেছিল। ম্যাচের ৯৩তম মিনিটে মেসি তার ঐতিহাসিক গোলটি করে রিয়াল সমর্থকদের সামনে নিজের জার্সি তুলে ধরে উদ্যাপন করেছিলেন। সেই ম্যাচে দুটি ঘটনা বেশ আলোচনার জন্ম দেয়। মার্সেলোর কনুইয়ের আঘাতে মেসির মুখ রক্তে ভেসে যাওয়া এবং হলুদ কার্ড থাকা সত্ত্বেও পাল্টা আক্রমণ থামাতে কাসেমিরো ফাউল করে পার পেয়ে যাওয়া।

পরের বছর ২০১৮ সালে ক্যাম্প ন্যুতে ২-২ গোলে ড্র হওয়া ক্লাসিকোতেও বাঁশি হাতে ছিলেন এই এরনান্দেস। সেদিন দুটি বিতর্কিত সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদকে চরম ক্ষুব্ধ করেছিল। বার্সেলোনাকে ২-১ গোলে এগিয়ে দেওয়া মেসির দ্বিতীয় গোলটির ঠিক আগে ফাউলের স্পষ্ট অভিযোগ ছিল এবং ডি-বক্সের ভেতর মার্সেলোকে জর্দি আলবা ফাউল করলেও তাএড়িয়ে যায়। শেষ পর্যন্ত সে মৌসুমে লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল কাতালানরা।

মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৫ সালের ক্লাসিকোটিও বিতর্কমুক্ত ছিল না। ম্যাচটিতে ৪-৩ গোলের হাড্ডাহাড্ডি জয়ে বার্সেলোনা তাদের লিগ শিরোপা একপ্রকার নিশ্চিত করে ফেলে। তবে পেনাল্টি বক্সের ভেতর চুয়ামেনির স্পষ্ট হ্যান্ডবল হওয়া সত্ত্বেও এরনান্দেস খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলে তীব্র প্রতিবাদ জানায় বার্সা সমর্থকরা।

সূত্র: গোলডটকম। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন