অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নেমে শুরুটা সুখকর হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্রিসবেনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং ও ব্যাটিং তোপের মুখে পড়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অজি বোলারদের ধারালো আক্রমণের সামনে পুরো ৫০ ওভার টিকতে পারেনি বাংলাদেশ। অলআউট হওয়ার আগে বোর্ডে যোগ করে মাত্র ১৬৬ রান। জবাবে লক্ষ্যটি এতটাই সহজ বানিয়ে ফেলে অজি ব্যাটাররা যে, ১৪৬ বল এবং ৭ উইকেট হাতে রেখেই অনায়াসে জয় তুলে নেয় স্বাগতিকরা।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই অস্ট্রেলিয়া তুলে ফেলে ৩০ রান। ১৮ বলে ১৯ রান করা জর্জিয়া ভোলকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন হাবিবা ইসলাম। তবে দ্বিতীয় উইকেটে ফোবে ফিচফিল্ড ও অন্য ব্যাটারদের দারুণ বোঝাপড়ায় জয়ের দিকে তরতর করে এগিয়ে যায় অজিরা। ফিচফিল্ড মাত্র ৫৭ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মাঝপথে বেথ মুনি ১২ বলে ১৩ রান করে আউট হলেও এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড বাকি কাজটুকু নিখুঁতভাবে শেষ করেন। পেরি ২৬ এবং সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
বাংলাদেশের বোলিং আক্রমণে একমাত্র হাবিবা ইসলাম দুটি এবং রাবেয়া খান একটি উইকেট শিকারে সমর্থ হন।
এর আগে ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশের জন্য ছিল বিভীষিকাময়। ম্যাচের প্রথম বলেই কোনো রান না করে সাজঘরের পথ ধরেন ওপেনার ফারজানা হক। শুরুর সেই ধাক্কা সামলে ওঠার আগেই মাত্র ৪ রান করে ফিরে যান আরেক ওপেনার শারমিন সুলতানা। তিনে নামা শারমিন আক্তার কিছুটা চেষ্টা করলেও ২৪ রানের বেশি এগোতে পারেননি।
দলীয় ব্যাটিং বিপর্যয়ের মাঝে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু অন্যপ্রান্তে সতীর্থদের ব্যর্থতার মিছিল থামেনি। স্বর্ণা আক্তারকে সাথে নিয়ে লড়াইয়ের আভাস দিলেও জ্যোতি ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ রান।
পরবর্তী সময়ে এক প্রান্ত আগলে রেখে দারুণ লড়াই চালান রিতুমনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের কার্যকারী ইনিংসটি আসে তার ব্যাট থেকেই। শেষ দিকে নাহিদা আক্তারের ১৯ ও রাবেয়া খানের ১১ রানের ওপর ভর করে ১৬৬ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বল হাতে মূল ধ্বংসযজ্ঞ চালান অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ে তিনি তুলে নেন সর্বোচ্চ ৪টি উইকেট। এছাড়া মেগান স্কুট নেন ২টি উইকেট।








মন্তব্য