ভারতের অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বিশ্বকাপ খেলতে হলে বিসিসিআইর দুটি শর্ত মানতে হবে। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। দুই অভিজ্ঞ তারকা রোহিত ও কোহলিকে বিশ্বমঞ্চে দেখা নিয়ে শুরু হয়েছে শঙ্কা। বিশ্বকাপ খেলতে হলে তাদের সামনে দুটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মানহাস। তার এই ঘোষণা ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।
বর্তমানে বিরাট কোহলির বয়স ৩৮ এবং রোহিত শর্মার বয়স ৩৯ ছুঁইছুঁই। ভারতের হয়ে রানবন্যা বইয়ে দেওয়া অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের বয়সকে বাধা হিসেবে দেখছেন না বিসিসিআই সভাপতি। ফিটনেস ও পারফরম্যান্সই তাদের বিশ্বকাপে খেলার মূল বাধা।
স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মানহাস সাফ জানিয়ে দিয়েছেন, বয়স কোনো বিবেচ্য বিষয় নয়; একমাত্র ফিটনেস এবং মাঠের পারফরম্যান্স ঠিক থাকলেই তারা জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাবেন। এই বার্তা রোহিত ও কোহলির ভক্তদের জন্য দারুণ স্বস্তিদায়ক। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ নিয়মিতই দিয়ে চলেছেন।
২০২৭ বিশ্বকাপের মূল মঞ্চে ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বকে আরও পরিপক্ব করতে কোহলি, রোহিত ও হার্দিক পান্ডিয়ার মতো তারকাদের উপস্থিতি ভীষণ জরুরি বলে মনে করেন মানহাস। তার মতে, মাঠে অভিজ্ঞ খেলোয়াড়রা থাকলে তরুণ অধিনায়কের ওপর চাপ কমে যায়।
এদিকে, টিম ইন্ডিয়ায় নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দিতে কিছুটা বদল এনেছে নির্বাচক কমিটি। মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ পেসাররা ঘরোয়া ক্রিকেটে ভালো করেও বিবেচনায় পিছিয়ে পড়েছেন। তার পরিবর্তে হারশিত রানা এবং গুরনুর ব্রারের মতো তরুণরা সুযোগ পাচ্ছেন। তবে দলের ভারসাম্যের স্বার্থে অভিজ্ঞতার গুরুত্বও কমিয়ে দেখছেন না বোর্ড কর্তারা।
সব মিলিয়ে, ফিটনেস ও পারফরম্যান্সের শর্ত পূরণ করতে পারলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে ভারতের শিরোপা জয়ের স্বপ্ন আবারও ডানা মেলতে পারে।








মন্তব্য