বাগেরহাটে মাদকাসক্ত কিশোরের মৃত্যু ও মাদক কারবারির বাড়িতে হামলা
মাদক কেনার টাকা না পেয়ে বিষপান করা স্কুলছাত্রের মৃত্যুতে বিক্ষুব্ধ এলাকাবাসী
বাগেরহাট জেলা প্রতিনিধি · বাগেরহাট
প্রকাশ:
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে মাদকাসক্ত স্কুলছাত্র কাজী মারজানের (১৬) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় মাদক কেনার টাকা না পেয়ে নিজ বাড়িতে বিষপান করে ওই কিশোর। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এই মৃত্যুর ঘটনার পর মঙ্গলবার সকালে রহিমাবাদ গ্রামের উত্তেজিত জনতা স্থানীয় মাদক কারবারি হাফিজুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলায় অভিযুক্ত মাদক কারবারি ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মাদকাসক্ত স্কুলছাত্র কাজী মারজানের বিষপানে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ভোর রাতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।