১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি
দীর্ঘ সাজাভোগের পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের হাতে খাবার খেলেন তিনি
বাগেরহাট জেলা প্রতিনিধি · মোংলা, বাগেরহাট
প্রকাশ:
রাত ১১টার ঠিক ২ মিনিট আগে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার মোর্শেদ সড়কে পুলিশের একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামেন দীর্ঘ ১৮ বছর পর বাড়িতে ফেরা বাদল ফরাজি। তাঁকে একনজর দেখার জন্য সেখানে ভিড় করেছিলেন উৎসুক এলাকাবাসী। দীর্ঘ সময় পর প্রিয়জনকে কাছে পেয়ে স্বজন ও প্রতিবেশীরা আবেগাপ্লুত হয়ে পড়েন, অনেকের চোখেই তখন পানি দেখা যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তির পর বাদল ফরাজিকে বাগেরহাটের উদ্দেশে নিয়ে আসে পুলিশ। প্রথমে তাঁকে বাগেরহাট কারাগারে রাখা হয় এবং রাত পৌনে নয়টার দিকে মোংলা থানায় আনা হয়। সেখানে মা ও বোনের সঙ্গে সাক্ষাতের পর রাত ১১টার দিকে পুলিশের গাড়িতে করে বাড়িতে পৌঁছান তিনি।
গাড়ি থেকে নামামাত্রই এলাকার মুরব্বিরা বাদলকে ঘিরে ধরেন। পুলিশের নিরাপত্তা বলয় থাকলেও এলাকাবাসীর আবেগের কাছে তা কিছুটা শিথিল হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বাড়ির ভেতরে বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত রাখা হলেও বাড়ির বারান্দায় স্বজনরা তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। বাদলও তাঁদের বুকে টেনে নিয়ে বলতে থাকেন, ‘এই তো আমি ফিরে আসছি।’
এলাকাবাসী মোহাম্মদ জামাল পেয়াদা জানান, অনেক বছর আগে তিনি বাদলকে শেষবার দেখেছিলেন। বাদলকে কাছে পেয়ে তিনি বলেন, ‘খুব ভালো ছেলে বাদল। দীর্ঘ সময় পর তাকে জড়িয়ে ধরতে পেরেছি। ছেলেটার স্থায়ী মুক্তি মিলুক, সেই কামনাই করি।’ বাদলের বোন আকলিমা বেগম জানান, ভাইয়ের সঙ্গে দেখা হওয়ায় তাঁরা অত্যন্ত খুশি, তবে তাঁদের একমাত্র চাওয়া ভাই যেন স্থায়ী মুক্তি পান।
বাদলের ফেরার দিনটিতে বাড়িতে ছিল বিশেষ আয়োজনের আমেজ। বোনেরা ভাইয়ের জন্য শাকভাজি, গরুর মাংসের ভুনা, ট্যাংরা মাছের ঝোল ও ডিমভুনাসহ বিভিন্ন খাবার রান্না করেন। আকলিমা বেগম বলেন, ‘আজ ভাইয়ের অনেক ধকল গেছে। এখন আমাদের রান্না করা খাবার ভাইকে খেতে দেব। অনেক দিন পর প্রিয় মানুষের হাতের রান্না করা খাবার খাবে। এক মাস ভাই বাড়িতেই থাকবে।’
বিজ্ঞাপন
রাতে বাড়ি ফেরার পর মা শেফালী বেগম নিজ হাতে ছেলেকে খাবার খাইয়ে দেন। এর আগে বিকেলে তিনি বলেছিলেন, ‘ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছি। ছেলে আওয়ার কথা শুইন্যা তো খুব খুশি, কিন্তু ভেজাল হইছে যে লগে পুলিশ থাকবে। বিনা দোষে ১৮ বছর জেল খাইট্টা যদি আবার প্যারোলে আয়ে, কোনো দিন ভালো লাগে?’ এক মাস পর ছেলেকে আবার ফিরে যেতে হবে ভেবে তিনি সরকারের কাছে ছেলের স্থায়ী মুক্তির দাবি জানান। রাত পৌনে ১২টা পর্যন্তও বাড়ির বাইরে বহু মানুষ ভিড় করে ছিলেন তাঁকে দেখার জন্য।
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান খুন হন। ওই ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক গৃহকর্মীকে খুঁজছিল। হত্যাকাণ্ডের ২ মাস ৭ দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গেলেও বিএসএফ তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির আদালত বাদল ফরাজিকে দোষী সাব্যস্ত করে এবং একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যা পরে দিল্লি হাইকোর্টেও বহাল থাকে। ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।