পারিবারিক ক্ষোভ থেকেই মাকে হত্যা, আদালতে রাফির স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

১২ মে, ২০২৬, ১ ঘন্টা আগে

পারিবারিক ক্ষোভ থেকেই মাকে হত্যা, আদালতে রাফির স্বীকারোক্তি

ফেনীর দাগনভূঞায় ছুরিকাঘাতে মা হত্যার ঘটনায় গ্রেপ্তার মোশারফ হোসেন রাফি (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরিবারের ভালোবাসা ও স্বাভাবিক আচরণ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার (১১ মে) দাগনভূঞা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রাফি এসব কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. আবদুল মোতালেব।

জবানবন্দিতে রাফি দাবি করেন, তার মা-বাবা সবসময় তাকে ভুল বুঝতেন। তিনি সিগারেটে আসক্ত ছিলেন, তবে অন্য কোনো মাদক গ্রহণ করতেন না। এরপরও পরিবারের সদস্যরা তাকে মাদকাসক্ত ও বখাটে হিসেবে অবজ্ঞা করতেন। তার ভাষ্য অনুযায়ী, মা প্রায়ই তাকে অপমানজনক কথা বলতেন, যা তাকে মানসিকভাবে ক্ষুব্ধ করে তোলে।

রাফি আরও জানান, মা লাকি আক্তার (৪০) তার সঙ্গে আপন সন্তানের মতো আচরণ করতেন না। ঘটনার দিন তিনি নানার বাড়ি থেকে এসে মাকে মাথা টিপে দিতে বললে মা তাকে দূরে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে তিনি মাকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে চিৎকার শুনে এগিয়ে এলে বাবা মোস্তফা ভূঞা (৫০) ও বোন মিথিলা মোস্তফা সাহারাকেও (১৮) এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় লাকি আক্তার মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে রাফি মরদেহ খাটের নিচে লুকানোর চেষ্টা করেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন।

তদন্ত কর্মকর্তা খন্দকার মো. আবদুল মোতালেব জানান, রাফি বেশিরভাগ সময় নানার বাড়িতে থাকতেন। এসএসসি পাসের পর তিনি লেখাপড়া ছেড়ে দেন। তিনি শ্বাসকষ্ট ও মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি রাফি শনিবার অনলাইনে অর্ডার করে কিনেছিলেন। পরে রোববার রাতে পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটান তিনি।

রোববার রাত ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তা এ ঘটনাকে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের একটি ভয়াবহ উদাহরণ বলে মন্তব্য করেছেন।

এ ঘটনায় সোমবার রাফিকে একমাত্র আসামি করে দাগনভূঞা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ফুফু শরীফা বেগম। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি দুটি পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news