নারায়ণগঞ্জে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’, গোলাপি মহিষ দেখতে ভিড় দর্শনার্থীদের

ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলা প্রতিনিধি

১৩ মে, ২০২৬, ৭ ঘন্টা আগে

নারায়ণগঞ্জে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’, গোলাপি মহিষ দেখতে ভিড় দর্শনার্থীদের

পবিত্র Eid al-Adha সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা দিয়েছে নানা চমক। তবে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার একটি খামারে এখন সবচেয়ে বেশি আলোচনায় একটি গোলাপি রঙের মহিষ, যার নাম রাখা হয়েছে Donald Trump।

প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল। ব্যতিক্রমী গোলাপি আভা আর মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলের কারণে অনেকেই মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মিল খুঁজে পেয়েছেন। আর সেখান থেকেই এর নাম হয়ে যায় ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার Rabeya Agro Farm-এ গিয়ে দেখা যায়, কোরবানির পশু কিনতে আসা অনেকের মূল আগ্রহ এখন এই মহিষটিকে ঘিরে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’-এর সঙ্গে।

খামার সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন থেকে সাড়ে চার বছর বয়সী মহিষটি গত বছরের কোরবানির ঈদের কিছুদিন পর রাজশাহী সিটি পশুর হাট থেকে সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, প্রথমে মহিষটির কোনো নাম ছিল না। পরে তার ছোট ভাই মজা করে বলেন, “এটার চুল তো একদম ট্রাম্পের মতো।” এরপর থেকেই নাম হয়ে যায় ‘ডোনাল্ড ট্রাম্প’।

তিনি বলেন, “মানুষ সাধারণত কালো মহিষ দেখতে অভ্যস্ত। কিন্তু এই মহিষটির রং ও চুল একেবারেই আলাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের আগ্রহ বেড়ে যায়।”

খামারের পরিচর্যাকারীরা জানান, মহিষটির জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী তাকে ভুট্টা, সয়াবিন, খৈল, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস খাওয়ানো হয়। নিয়মিত গোসলও করানো হয়।

পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, “মহিষটা খুব শান্ত স্বভাবের। কেউ বিরক্ত না করলে আক্রমণ করে না।”

আরেক কর্মী জুবায়ের জানান, খামারে আরও মজার নামের পশু রয়েছে—যেমন তুফান, রহমান ডাকাত ও মাস্তান। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “ফেসবুকে দেখে বিশ্বাস হয়নি। সামনে থেকে দেখে মনে হলো সত্যিই নামটা মানিয়েছে।”

খামার কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদকে সামনে রেখে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে গরু, মহিষ, ছাগল ও ভেড়া ছিল। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই গোলাপি মহিষটি।

জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় এটি বিক্রি করা হয়েছে।

তিনি বলেন, “আমরা কল্পনাও করিনি এত মানুষ শুধু একটি মহিষ দেখতে আসবে। এখন অনেকে খামারের নাম না জানলেও ‘ডোনাল্ড ট্রাম্পের খামার’ বললেই চিনে ফেলে।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, নারায়ণগঞ্জে এবার কোরবানির পশুর চাহিদা প্রায় ১ লাখ ৩ হাজার। এর বিপরীতে জেলার ৬ হাজার ৫৩৫টি খামারে প্রস্তুত রয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার পশু।

তিনি আরও জানান, গোলাপি রঙের এই মহিষটি মূলত এলবিনো প্রকৃতির দেশি মহিষ। শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এ ধরনের প্রাণীর গায়ে ভিন্ন রং দেখা যায় এবং বিরল হওয়ায় সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

— পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news