কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে তৈরি হওয়া তুমুল বিতর্কের মাঝেই গত ১৬ অক্টোবর রাতে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করার পাশাপাশি আইনি পদক্ষেপে না গিয়ে নিজের মতো করে সরাসরি জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি। তবে এর পরের দিন সকালেই নিজের ভেরিফায়েড পেজ থেকে সেই লাইভ ভিডিওটি মুছে ফেলেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি পরীমনির একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করতেই গত শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে হাজির হন পরীমনি।
লাইভে অভিনেত্রী জানান, এই ভিডিওটি নতুন কোনো বিষয় নয়। প্রায় এক থেকে দেড় বছর আগেই অনেকেই তাকে হোয়াটসঅ্যাপে এই ভিডিও পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে তা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে এমন ভিডিও প্রকাশের পর দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুঃখ প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্যমতে, শুধু দুঃখ প্রকাশ করলেই সব শেষ হয়ে যায় না। ভিডিওটি এত দীর্ঘ সময় ধরে অনলাইনে রেখে দেওয়ার পরিবর্তে চাইলে তা আরও দ্রুত সরিয়ে ফেলা সম্ভব ছিল।
সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করে পরীমনি বলেন, কেউ তাকে গালি দিলে তিনি চুপ থাকবেন না, বরং পাল্টা জবাব দেবেন। মামলা করার পরামর্শের জবাবে তিনি স্পষ্ট জানান, মামলা-মোকদ্দমার আইনি পথে হেঁটে সময় নষ্ট করতে চান না তিনি, বরং যারা তাকে আক্রমণ করছেন তাদের সরাসরি জবাব দিতে পছন্দ করেন। লাইভের একপর্যায়ে নিজের পেছনে থাকা জুতার ক্যাবিনেট দেখিয়ে তিনি বলেন, সেখানে থাকা জিনিসগুলো আসল। অরিজিনাল শব্দটি ব্যবহার করে এআই ভিডিও ও বাস্তবতার ফারাক বুঝিয়ে দেন তিনি।
ভিডিও নিয়ে নেটদুনিয়ায় অতিরিক্ত কৌতূহল দেখানো মানুষদেরও একহাত নেন এই অভিনেত্রী। তার অভিযোগ, অনেকেই অন্য পোস্টের কমেন্ট বক্সে গিয়ে ভিডিওর লিংক আছে কি না তা জানতে চান, যা তাদের মানসিকতার পরিচয় দেয়। ক্ষোভের প্রকাশ ঘটাতে গিয়ে তিনি বলেন, মানুষের এই বাড়াবাড়ি দেখে তার মনে হয়েছিল বিকিনি, স্বচ্ছ পোশাক কিংবা নগ্ন ফটোশুট করেন। তবে তিনি বাস্তবে এমন কোনো ফটোশুট করেননি বলে স্পষ্ট করে দেন।
লাইভের শেষ পর্যায়ে সমালোচকদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকার পরামর্শ দিয়ে ইংরেজিতে বলেন, ‘ফোকাস অন ইউর লাইফ! গেট এ লাইফ, হানি।’ নিজের অবস্থান স্পষ্ট করার পর শনিবার সকালে নিজের ফেসবুক পেজে ‘Oops sorry! ডিলিট করে দিছি’ ক্যাপশন দিয়ে সেই লাইভ ভিডিওটি মুছে ফেলেন পরীমনি। তবে কমেন্ট সেকশন বন্ধ থাকায় সেখানে অনুরাগীরা কোনো মন্তব্য করার সুযোগ পাননি।








মন্তব্য