নরসিংদীতে পূজামণ্ডপ পরিদর্শনে রাজনৈতিক নেতারা
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান
নরসিংদী জেলা প্রতিনিধি · নরসিংদী
প্রকাশ:
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নরসিংদীর বিভিন্ন উপজেলার পূজামণ্ডপগুলোতে বেড়েছে রাজনৈতিক তৎপরতা। হিন্দু সম্প্রদায়ের এই বড় ধর্মীয় উৎসবকে ঘিরে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মণ্ডপের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করছেন।
বিজ্ঞাপন
জেলাজুড়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুর এলাহী। পরিদর্শনকালে তারা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
নেতাদের অনেকেই ব্যক্তিগত তহবিল থেকে মন্দিরগুলোতে আর্থিক অনুদান দিয়েছেন এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন। পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের এমন উপস্থিতি ও সহযোগিতা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে, যা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে তারা প্রতিটি মন্দিরে খোঁজখবর রাখছেন। তিনি আরও বলেন, "সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে তাঁরা প্রতিটি মন্দিরে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।"
খায়রুল কবির খোকন জানান, "নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে একটি পর্যবেক্ষণ সেল খোলা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি মন্দিরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।"