বিদ্যুৎ সঞ্চালনের তার চুরির সময় পুড়ে মৃত্যু
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ, আঙুলের ছাপ সংগ্রহের চেষ্টাও ব্যর্থ
নরসিংদী জেলা প্রতিনিধি · নরসিংদী
প্রকাশ:
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে তার কাটার সময় আগুনে পুড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চারজন মিলে খুঁটির তার চুরির চেষ্টা করছিলেন, যার মধ্যে একজন খুঁটিতে উঠে তার কাটছিলেন এবং নিচে দাঁড়িয়ে ছিলেন বাকি তিনজন।
বিজ্ঞাপন
তার কাটার সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, আগুনের শিখা দেখে তিনি ঘরের জানালার গ্লাস খুলে দেখেন নিচে থাকা তিনজন দৌড়ে পালিয়ে যাচ্ছেন এবং খুঁটির ওপর থাকা ব্যক্তি আগুনে পুড়ছেন। পরে ওই ব্যক্তি মাটিতে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ লাশ উদ্ধার করে। নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করার চেষ্টা করেন, কিন্তু শরীর পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল রেললাইনের কাছাকাছি হলেও লাশ উদ্ধার হয়েছে ৫০ গজ দূরত্বে, তাই জেলা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত মঙ্গলবার ভোরে পলাশ উপজেলার বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হন। তাঁর বাড়ি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার গড়পাড়া এলাকায়।