শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
অভিযুক্ত সোহরাবকে শুক্রবার দুপুরে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
নরসিংদী জেলা প্রতিনিধি · মনোহরদী, নরসিংদী
প্রকাশ:
নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহরাব (২০) নামের এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সোহরাব ওই উপজেলারই একটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মক্তবের শিক্ষক হিসেবে কর্মরত।
বিজ্ঞাপন
পুলিশ ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার পাশাপাশি সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত। গত বুধবার সকাল ছয়টায় শিশুটি মক্তবে গেলে শিক্ষক সোহরাব তাকে মাসিক বেতন আনার জন্য বাড়ি পাঠান। সকাল সাতটার দিকে বেতন নিয়ে ফেরার পথে একটি নির্মাণাধীন ঘরের সামনে শিশুটির পথরোধ করেন সোহরাব। এ সময় তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
শিশুটির মা জানান, ঘটনার সময় তার মেয়েকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে অভিযুক্ত সোহরাব বাড়ি থেকে পাটের চট আনতে যান। এই সুযোগে শিশুটি সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে এবং ঘটনার বিস্তারিত জানায়। এরপরই শিশুটির মা থানায় মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা জানান, শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।