হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য সংখ্যা বাড়িয়ে দেড় হাজার করার সুযোগ
বড় গ্রুপের অ্যাডমিনদের সুবিধার জন্য নতুন এই সদস্যসীমা চালু করছে মেটা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
গ্রুপ চ্যাটিংয়ের ক্ষেত্রে নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, যা বড় গ্রুপগুলোর পরিচালনার জন্য বেশ কার্যকর হবে। সম্প্রতি অ্যাপটিতে একটি গ্রুপে সর্বোচ্চ দেড় হাজার সদস্য যুক্ত করার সুবিধা চালু করতে শুরু করেছে কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদন অনুযায়ী, আগে একটি গ্রুপে সর্বোচ্চ ১ হাজার ২৪ জন সদস্য রাখা যেত।
বিজ্ঞাপন
‘ডব্লিউএবিটাইনফো’র তথ্যমতে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই নতুন এই সদস্যসীমা পাওয়া যাবে। তবে মেটা মালিকানাধীন এই অ্যাপটি ধাপে ধাপে ফিচারটি উন্মুক্ত করায় সব ব্যবহারকারী পেতে কিছুটা সময় লাগতে পারে। স্কুল বা স্থানীয় কমিউনিটি পরিচালনার ক্ষেত্রে অ্যাডমিনদের জন্য এটি বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এত সদস্যের গ্রুপে ভয়েস ফিচার ‘অডিও হ্যাংআউটস’ ব্যবহার করা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে বড় গ্রুপের জন্য হোয়াটসঅ্যাপ আরও কিছু ফিচার এনেছে, যার মধ্যে রয়েছে দীর্ঘ সময়ের জন্য মেসেজ পিন করে রাখা এবং ‘মেনশন’ ও ‘রিপ্লাই’-এর ভিত্তিতে আলাপ ফিল্টার করা। এছাড়া, গ্রুপের পুরনো সদস্যরা এখন নতুন সদস্যদের সঙ্গে আগের ‘মেসেজ হিস্ট্রি’ বা বার্তার ইতিহাস শেয়ার করতে পারবেন।