ভারতের আসাম রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৩২ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আসামের বরপেটা জেলার হাউলির কাছে ২৭ নম্বর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার পথে বিএসএফ সদস্যদের বহনকারী বাসটি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সময় বাসটি ধুবড়ির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। এতে বাসে থাকা ৩২ জন বিএসএফ সদস্য আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ১৪ জনকে বরপেটা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় বাসচালক শামসুল হক (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি আসামের গোয়ালপাড়া জেলার শিমলিতোলার গারোইমারির বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে হাউলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: এনডিটিভি








মন্তব্য