ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

ওমানের উপকূলে নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা অন্য নয় ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা…

ওমানের উপকূলে নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা অন্য নয় ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ১১ অক্টোবর ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। ওমানের সোহর নোঙর এলাকায় অবস্থানকালে জাহাজটি ড্রোন হামলার শিকার হয়। ওই ট্যাংকারে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন।

সোনোয়াল জানান, নয়জন নাবিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা নিরাপদে রয়েছেন। তবে বাকি দুই ভারতীয় নাগরিক এখনো নিখোঁজ।

তিনি আরও জানান, নিখোঁজ নাবিকদের সন্ধানে স্থানীয় কোস্টগার্ডের নেতৃত্বে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ ব্যক্তিদের নিরাপদে খুঁজে বের করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে ভারত সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। উদ্ধার তৎপরতায় সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ওমান উপকূলে এ হামলার ঘটনা ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এর জবাবে ইরান ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ইরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টিকে কয়েকটি শর্তের সঙ্গে যুক্ত করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া এবং ওয়াশিংটনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। নতুন করে ওমান উপকূলে ট্যাংকারে হামলা এবং দুই নাবিক নিখোঁজ হওয়ার ঘটনায় ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন