গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১১ অক্টোবর) গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।…

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১১ অক্টোবর) গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুকে প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য খান ইউনিসের আল-বুরাক এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তাঁবুটি মোবাইল ফোন চার্জ দেওয়ার অস্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

নাসের হাসপাতালের এক চিকিৎসা সূত্র জানায়, হামলার পর তিনজনের মরদেহ এবং আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালটির কাছাকাছি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে গুরুতর আহত ছয় বছরের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। রোববার আল-শিফা হাসপাতালের এক চিকিৎসা সূত্র এ তথ্য জানায়।

নিহত শিশুটির নাম জিহাদ ইয়াদ আল-গান্দুর। শনিবার ইসরায়েলি সেনাদের গুলিতে সে গুরুতর আহত হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার ভোরে গাজা সিটির পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করেছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো।

এ ঘটনায় অন্তত দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এ ছাড়া কয়েক ডজন পরিবারকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগের মধ্যেই এসব ঘটনা ঘটল। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকী পার হওয়ার কয়েক দিনের মাথায় নতুন করে প্রাণহানির এসব খবর সামনে এল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা, হতাহত এবং বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত থাকার অভিযোগ জানিয়ে আসছে ফিলিস্তিনি পক্ষ। সর্বশেষ হামলাগুলোও উপত্যকাটিতে বেসামরিক মানুষের নিরাপত্তা ও যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন