জন্মদিনের আনন্দে ছেলে জয়কে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

জন্মদিনের আনন্দে ছেলে জয়কে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

দশ বছরে পা দিয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ছেলের বিশেষ এই দিনটিকে ঘিরে তাই আয়োজনের কমতি রাখেননি মা অপু। জন্মদিনের শুভেচ্ছা, আবেগ আর ভালোবাসার পর এবার ছেলেকে নিয়ে সমুদ্রের শহর কক্সবাজারে উড়াল…

দশ বছরে পা দিয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ছেলের বিশেষ এই দিনটিকে ঘিরে তাই আয়োজনের কমতি রাখেননি মা অপু। জন্মদিনের শুভেচ্ছা, আবেগ আর ভালোবাসার পর এবার ছেলেকে নিয়ে সমুদ্রের শহর কক্সবাজারে উড়াল দিয়েছেন এই চিত্রনায়িকা। জন্মদিনের আনন্দকে আরও রঙিন করতেই মা-ছেলের এই বিশেষ ভ্রমণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার যাত্রার একটি ছবিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মা ও ছেলেকে। অপুর পরনে ছিল গোলাপি রঙের কাজ করা সালোয়ার-কামিজ, চোখে রোদচশমা। অন্যদিকে জয়ের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। চোখে রোদচশমার পাশাপাশি মুখে কালো মাস্ক পরা ছিল তার। ছবিটি শেয়ার করে ভালোবাসার ইমোজি জুড়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন অপু বিশ্বাস। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা চিত্রনায়ক শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়।

পরবর্তী সময়ে ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। সেখানেই শাকিব খানের সঙ্গে নিজের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এ ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাবা-মায়ের তারকাখ্যাতির কারণে জন্মের পর থেকেই আলোচনায় রয়েছে আব্রাম খান জয়। সময়ের সঙ্গে সঙ্গে তার জন্মদিনও হয়ে উঠেছে ভক্তদের আগ্রহের একটি বিষয়। এবার দশম জন্মদিনে সেই উদযাপনে নতুন মাত্রা যোগ করল অপু-জয়ের কক্সবাজার সফর।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন