‘অরিজিৎ সিংয়ের চেয়েও বেশি জনপ্রিয় ছিলাম’

‘অরিজিৎ সিংয়ের চেয়েও বেশি জনপ্রিয় ছিলাম’

চলচ্চিত্র ও সংগীতজগতের তারকাদের অতীত সংগ্রাম আর বর্তমান সাফল্যের গল্প সবসময়ই শ্রোতাদের বাড়তি কৌতূহল জাগায়। রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে দুই ভিন্ন মেরুতে পৌঁছানো দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিজিৎ সাওয়ান্ত ও অরিজিৎ সিংয়ের ক্যারিয়ার নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। অতীতের…

চলচ্চিত্র ও সংগীতজগতের তারকাদের অতীত সংগ্রাম আর বর্তমান সাফল্যের গল্প সবসময়ই শ্রোতাদের বাড়তি কৌতূহল জাগায়। রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে দুই ভিন্ন মেরুতে পৌঁছানো দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিজিৎ সাওয়ান্ত ও অরিজিৎ সিংয়ের ক্যারিয়ার নিয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। অতীতের সেই দিনগুলো স্মরণ করে অভিজিৎ সাওয়ান্ত এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে অরিজিৎ সিংয়ের তুলনায় তার নিজের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। দুই শিল্পীর এই ভিন্ন পথচলা এবং সাফল্যের পেছনের অজানা সমীকরণ নিয়ে সংগীতাঙ্গনে এখন চলছে নানা আলোচনা।

‘ইন্ডিয়ান আইডল’-এর প্রথম আসরে (২০০৫) চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেন অভিজিৎ সাওয়ান্ত। তখন তিনি এক কোটি টাকার পুরস্কার ছাড়াও সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে অ্যালবাম করার সুবর্ণ সুযোগও পেয়েছিলেন। এর সুবাদে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

অন্যদিকে একই সময়ে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন অরিজিৎ সিং, যেখানে বিজয়ী হয়েছিলেন কাজি তৌকির। তবে সেই সময়ে কাঙ্ক্ষিত আলোড়ন তুলতে পারেননি অরিজিৎ।

প্রায় এক দশক পর্দার আড়ালে ছিলেন অরিজিৎ

অভিজিতের ভাষ্য অনুযায়ী, ২০০৫ সালের পর প্রায় দীর্ঘ দশটি বছর সংগীতাঙ্গনের মূল স্রোতের বাইরে ছিলেন অরিজিৎ। তবে এই দীর্ঘ সময়কে তিনি অভিশাপ না ভেবে বরং আশীর্বাদ হিসেবেই মূল্যায়ন করেছেন।

তিনি আরও জানান, সেই দিনগুলোতে বিভিন্ন স্টুডিওতে বড় বড় সুরকারদের সঙ্গে কাজ করেছেন অরিজিৎ। তবে গায়ক হিসেবে নয়, বরং মিউজিক প্রযোজক ও প্রোগ্রামার হিসেবে যুক্ত থেকে তিনি নিজেকে তিলে তিলে তৈরি করেছেন।

অভিজিতের সোজা কথা, সে সময় তাদের দুজনের জনপ্রিয়তার কোনো তুলনাই চলত না। কারণ তিনি তখন আকাশচুম্বী জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, যা অরিজিতের ছিল না। ফলে দুজনের ওপর দিয়ে বয়ে যাওয়া মানসিক চাপের ধরণও ছিল একেবারেই আলাদা।

অরিজিতের ভাগ্যে ছিল ‘তুম হি হো’

প্রাথমিক পর্যায়ে ‘মার্ডার ২’ সিনেমার ‘দিল সাম্ভাল যা জারা’ গানে কণ্ঠ দিলেও ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানটিই অরিজিতের ভাগ্য পুরোপুরি বদলে দেয়। অভিজিৎ মনে করেন, এত দারুণ একটি গান অরিজিতের হাতে এসে পৌঁছানোটা নিছক ভাগ্যের ব্যাপার ছিল। আর এই একটি গানই তাকে আজকের অরিজিৎ সিং হিসেবে প্রতিষ্ঠা করেছে।

অভিজিতের মতে, দুনিয়া সবসময় সফল মানুষকে নিয়ে মাতামাতি করে এবং যারা তুলনামূলক পিছিয়ে থাকে, তাদের ভুলত্রুটি খুঁজে বেড়ায়। অথচ সবার পথচলা সমান হয় না। প্রত্যেকের নিজস্ব জার্নি রয়েছে এবং সবাইকে নিজের মতো করে বাঁচার ও কাজ করার সুযোগ দেওয়া উচিত।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে পূর্বের চুক্তিবদ্ধ কাজগুলোর সিডিউল তিনি শেষ করছেন। খুব শীঘ্রই শাহরুখ খানের আসন্ন ‘কিং’ সিনেমাতেও তার নতুন গান শুনতে পাবেন শ্রোতারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন