যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক। তাদের হাসপাতালে ভর্তি করা…

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (স্থানীয় সময়) অঙ্গরাজ্যটির বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৬ বছর। তিনি বেন্ড শহরের বাসিন্দা ছিলেন এবং ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন হামলাকারী তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। ওই কিশোর আগে কখনো বিদ্যালয়টিতে পড়াশোনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম সাহায্যের ফোন আসে। এর পরের কয়েক মিনিটে আরও বহু ফোনকল আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হামলার ঘটনায় আহত শিশু ও শিক্ষককে বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন