লেবাননের দক্ষিণাঞ্চলে সেনা অভিযানের এলাকায় কোনো কিছুকে ভুলভাবে শনাক্ত করার পর ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের ওই এলাকায় ‘ভুল শনাক্তের’ ঘটনায় একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই এলাকায় ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছেন।
সামরিক বাহিনী জানিয়েছে, এ ঘটনায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য কোনো হুমকি তৈরি হয়নি। তাই দেশটির কোনো শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি।
আইডিএফের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে সর্বশেষ ঘটনায় কী শনাক্ত করা হয়েছিল এবং কেন সেটিকে ভুল শনাক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আইডিএফ বলছে, তারা অনুসন্ধান করছে। নাগরিকদের কোনো নির্দেশনা দেওয়া প্রয়োজন বোধ করলে তাৎক্ষণিক তা জানিয়ে দেওয়া হবে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল








মন্তব্য