বাংলাদেশের বিনোদন ভুবন মাতানো মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ বেশ কিছুদিন শোবিজ থেকে নিজেকে সরিয়ে রাখেন। তবে আবারও অভিনয়ে সরব হয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় এই তারকা।
সম্প্রতি কালবেলা এন্টারটেইনমেন্টের বহুল জনপ্রিয় ‘তারাবেলা’ অনুষ্ঠানে সঞ্চালক মারিয়া বিনতে ইলিয়াসের সঙ্গে এক সাক্ষাৎকারে শখ নিজের অনেক না বলা কথা ভক্তদের জন্য শেয়ার করেন। সেখানে ‘বলো না তুমি আমার’ খ্যাত এই অভিনেত্রী কাউকে কখনো বিশ্বাস করলে কষ্ট পেতে হয় বলে জানান।
শখের সবচেয়ে বড় দুর্বলতা কী—উপস্থাপিকার এই প্রশ্নের জবাবে শখ জানান, ‘আমি মানুষকে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করি। এ কারণে আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে।’ এ সময় তিনি কাছের দূরের অনেককেই বিশ্বাস করে হতাশ হয়েছেন ও কষ্ট পেয়েছেন বলে জানান।
প্রাণবন্ত আলাপচারিতায় সততাই আনিকা কবির শখের সবচেয়ে বড় শক্তি বলে জানান তিনি নিজেই। এ ছাড়া তার কাজ নিয়ে দর্শকদের পছন্দ ও প্রশংসা ভালো লাগে এবং এতে তিনি অনুপ্রাণিত হন।
শোবিজ অঙ্গনে শখের পথচলা শুরু খুব ছোটবেলাতেই। ২০০২ সালে নৃত্যশিল্পী হিসেবে বিনোদন ভুবনে পদার্পণ। এরপর জীবনের নানা চড়াই-উৎরাই পেরোতে হয়েছে বাংলাদেশি এই গ্ল্যামার গার্লকে।
এ সময় শখ ভক্তদের উদ্দেশে বলেন—নিজেকে ভালোবাসো, নিজের প্রতি কনফিডেন্স থাকো। আর কখনো কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করো না। এতে কষ্ট পেতে হবে।
একসময় আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আনিকা কবির শখ অজহানা কারণে শোবিজ থেকে নিজেকে সরিয়ে রাখেন। তবে বছর দুয়েক আগে থেকে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন। এরই মধ্যে বেশ কিছু একক নাটকের পাশাপাশি ধারাবাহিকে তাকে দেখা গেছে।








মন্তব্য