সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পঞ্চগড় জেলা কারাগারের তৎকালীন জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি ভুয়া বিল তৈরি ও পাস করে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি কুষ্টিয়া জেলা কারাগারে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।
রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড় জেলা কারাগারে কর্মরত থাকাকালে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ‘বাবা মায়ের দোয়া’, ‘নূর স্টোর’ ও ‘শুভ স-মিল’ নামে তিনটি ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি ভুয়া বিল পাস করা হয়। এসব বিলের মাধ্যমে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে মো. আব্দুল ফাত্তাহর বিরুদ্ধে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ অনিয়মের সঙ্গে কারাগারের জেল সুপার, জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং কারারক্ষী মো. জাফর মাহামুদ শাকিলের যোগসাজশ ছিল।
তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আব্দুল ফাত্তাহর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।








মন্তব্য