মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহামাদ আলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।
সোমবার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সিতি হাসমাহর ছেলে মোখজানি মাহাথিরের বরাতে এ খবর প্রকাশ করা হয়।
সিতি হাসমাহ মালয়েশিয়ায় একজন জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার শান্ত স্বভাব, আন্তরিকতা ও রসবোধের জন্য তিনি মানুষের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। স্বামী মাহাথিরের সরাসরি ও কঠোর রাজনৈতিক ব্যক্তিত্বের বিপরীতে তার ব্যক্তিত্ব ছিল অনেকটাই নরম ও সহজ।
দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহাথিরের স্ত্রী হিসেবে পরিচিত হলেও জনস্বাস্থ্য নিয়েও সক্রিয়ভাবে কাজ করেছেন সিতি হাসমাহ। জনস্বাস্থ্য কর্মসূচি, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাত দশকের দাম্পত্য
সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্র পড়ার সময় ১৯৪০-এর দশকের শেষ দিকে তাদের পরিচয় হয়। চলতি বছরের আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন।
এই দম্পতির সাত সন্তান রয়েছে। তাদের মধ্যে ব্যবসায়ী মোখজানি মাহাথির, সমাজকর্মী মারিনা মাহাথির এবং রাজনীতিক মুখরিজ মাহাথির উল্লেখযোগ্য।
মাহাথির প্রায়ই তার রাজনৈতিক জীবনে স্ত্রীর অবদানকে বিশেষভাবে তুলে ধরেছেন। তিনি সিতি হাসমাহকে তার রাজনৈতিক সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন।
মাহাথির বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের জন্য সিতি হাসমাহর দৃঢ় সংকল্প তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। সে সময় মালয় নারীদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ ছিল খুবই সীমিত।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড








মন্তব্য