বিশ্ব শিক্ষক দিবসে আজ শিল্পকলায় ‘হেলেন কেলার’

বিশ্ব শিক্ষক দিবসে আজ শিল্পকলায় ‘হেলেন কেলার’

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আজ (৫ অক্টোবর) সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে মনোড্রামা ‘হেলেন কেলার’। এটি নাট্যদল স্বপ্নদলের প্রযোজনা। এদিন প্রযোজনাটির ৬৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন…

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আজ (৫ অক্টোবর) সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে মনোড্রামা ‘হেলেন কেলার’। এটি নাট্যদল স্বপ্নদলের প্রযোজনা। এদিন প্রযোজনাটির ৬৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে একক অভিনয় করছেন জুয়েনা শবনম। ‘হেলেন কেলার’-এর মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল। বিশেষ এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধকতা থামাতে পারেনি হেলেন কেলারকে। প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষিকা অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় সব নেতিবাচকতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই অনুপ্রেরণাদায়ী জীবনসংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’।

অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রকাশিত ও বিকশিত করে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা। আর বিরূপ পরিস্থিতিতেও মানুষের কর্তব্য কতটা মহান হতে পারে, সেই উচ্চাঙ্গের অনুভবই উঠে এসেছে হেলেন কেলারের জীবনভিত্তিক এই প্রযোজনায়।

গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতির এই মনোড্রামায় উঠে এসেছে নারীজাগরণ ও মানবতাবাদের পক্ষে হেলেন কেলারের দৃঢ় অবস্থানের কথা। পাশাপাশি যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধেও তার স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে।

শিক্ষিকা অ্যান স্যুলিভানের প্রতি হেলেন কেলারের কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে উঠে আসে তার বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায়। চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি ও আইনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্য তার জীবনকে কীভাবে সমৃদ্ধ করেছিল, তাও উঠে এসেছে নাটকটিতে।

পাশাপাশি পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত গল্পও উঠে এসেছে । এর সঙ্গে ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার অধ্যায়ও স্থান পেয়েছে প্রযোজনাটিতে।

প্রসঙ্গত, দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি ‘হেলেন কেলার’ দেশের বাইরেও প্রশংসিত হয়েছে। জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে প্রদর্শিত হয়েছে নাটকটি। এছাড়া ভারতে চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবেও প্রদর্শিত হয়ে ব্যাপক প্রশংসা পেয়েছে।

দেশের গণ্ডি পেরিয়ে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালেও দর্শকনন্দিত সম্প্রচার হয়েছে ‘হেলেন কেলার’-এর। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রযোজনাটি পেয়েছে স্মরণীয় গ্রহণযোগ্যতা।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন