আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসির বিদায় ঘিরে এরই মধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া। সেই তালিকায় যোগ দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ নেইমার।
বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। প্রায় দুই দশক ধরে জাতীয় দলের অন্যতম প্রধান মুখ হয়ে থাকা এই তারকার বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনায় চলছে বিশেষ প্রস্তুতি।
মেসির বিদায়ের প্রভাব অবশ্য আর্জেন্টিনার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে। ব্রাজিল ও আর্জেন্টিনার ঐতিহাসিক ফুটবল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসির প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার।
বার্সেলোনায় লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে মেসি ও নেইমার গড়ে তুলেছিলেন ইউরোপীয় ফুটবলের অন্যতম ভয়ংকর আক্রমণভাগ। পরে প্যারিস সেন্ট জার্মেইয়েও আবার সতীর্থ হন মেসি-নেইমার। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব ছিল গভীর। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে নেইমারের বার্তায় সেই সম্পর্কেরই প্রতিফলন দেখা গেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা বছরের পর বছর তোমাকে উপভোগ করেছে। আজ তোমার দল ও দেশের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, প্রতিটি মুহূর্ত উপভোগ করবে।’
মেসির অবদানের জন্য শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানিয়েছেন নেইমার। তিনি লিখেছেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায় ফুটবলের জন্য তুমি যা করেছ তার জন্য। তুমি আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছ। তোমার বিপক্ষে খেলতে পারা ছিল সম্মানের, আর তোমার সঙ্গে ইতিহাস গড়তে পারা ছিল আরও বড় সম্মানের। ধন্যবাদ, লিও।’
মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল কিশোর বয়সে। এরপর প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় তারকা হিসেবে খেলেছেন তিনি। বড় টুর্নামেন্টের একাধিক ফাইনালে ব্যর্থতার কারণে দীর্ঘ সময় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।
তবে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে জাতীয় দলের হয়ে প্রথম বড় শিরোপার স্বাদ পান মেসি। এরপর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় এবং আরও আন্তর্জাতিক সাফল্য তার ক্যারিয়ারকে পূর্ণতা দেয়।








মন্তব্য