পিরোজপুরে ট্রলার ডুবিতে শিশুর মৃত্যু, মা নিখোঁজ
পূজা দেখে ফেরার পথে নাজিরপুরের কালীগঙ্গা নদীতে ট্রলারটি ডুবে যায়
পিরোজপুর জেলা প্রতিনিধি · নাজিরপুর, পিরোজপুর
প্রকাশ:
পিরোজপুরের নাজিরপুরে পূজা দেখে বাড়ি ফেরার পথে কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা রিনা বেপারী (৪৫) এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী থেকে ট্রলারে করে নদীর ওপারে নেছারাবাদ উপজেলায় ফিরছিলেন যাত্রীরা। ফেরিঘাট এলাকায় পৌঁছালে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। ট্রলারে আনুমানিক ৫০ জন যাত্রী ছিল, যাদের অধিকাংশ সাঁতরে তীরে উঠতে পারলেও রিনা বেপারী ও তার মেয়ে অদ্রিতা বেপারী উঠতে পারেনি।
ঘটনার বিষয়ে নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের বাসিন্দা শংকর বেপারী (৫০) জানান, পরিবারের সদস্যদের নিয়ে অষ্টমী পূজা দেখতে শ্রীরামকাঠী গিয়েছিলেন তিনি। ফেরার পথে অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তিনি বলেন, "এ সময় তিনি স্ত্রী ও মেয়েকে ধরে রাখার চেষ্টা করেও পারেনি।"
রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশু অদ্রিতা বেপারীর মরদেহ উদ্ধার করে। নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলার দুর্ঘটনায় ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।