পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলার অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা মিছিল থেকে হামলায় বিএনপি নেতার বাড়ি ও কার্যালয় ক্ষতিগ্রস্ত
পিরোজপুর জেলা প্রতিনিধি · নাজিরপুর, পিরোজপুর
প্রকাশ:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্যমতে, পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে প্রায় ৩৫০ জনের একটি দল পিকআপ-ট্রাক ও বিভিন্ন যানবাহনে করে ঘটনাস্থলে আসে। তারা প্রথমে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই এলাকায় মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেয় এবং টিনের কাঠামো কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন।
ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সোমবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।