ভারত সীমান্তে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
শনিবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম সীমান্তে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি · রামগড়, খাগড়াছড়ি
প্রকাশ:
খাগড়াছড়ির রামগড় সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম এলাকা থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অংথেপ্রু মারমা রামগড়ের ফেনীরকূল এলাকার বাসিন্দা এবং তিনি বিজিবির (পূর্ব নাম বিডিআর) সাবেক সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয় লোকজন ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দুইটার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে অংথেপ্রু মারমা নিখোঁজ ছিলেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে তাঁর ঘাসের বস্তা পাওয়া যায় এবং পরে ওপারে ভারতের অংশে পানিতে ডুবে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তাঁর কপালে, নাকের ওপর ও মাথার পেছনে জখমের চিহ্ন ছিল।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা বলেন, "সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবির ফাঁড়িতে বিষয়টি জানানো হয়।" এরপর স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন এবং পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, অংথেপ্রু মারমার কপাল, নাকের ওপর ও মাথার পেছনে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তিনি আরও বলেন, "কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।" মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, নিখোঁজের খবর পাওয়ার পর বিএসএফকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাওয়া হয়েছিল। রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী এ বিষয়ে বিজিবি পদক্ষেপ নেবে।