সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে পদক্ষেপ জানতে চাইল সংসদীয় কমিটি
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে বিভিন্ন অনিয়ম ও শূন্যপদ পূরণের তথ্য উপস্থাপনের সুপারিশ করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক · খাগড়াছড়ি
প্রকাশ:
খাগড়াছড়ির সাজেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা মন্ত্রণালয়কে জানানোর সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির বৈঠকে পার্বত্য অঞ্চলে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামের অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করার ওপর জোর দেওয়া হয়। প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এছাড়া মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতে শূন্য পদ পূরণের বর্তমান অবস্থা আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও সাবেক অন্তর্বর্তী সরকারের সময় মন্ত্রণালয় এবং আওতাভুক্ত দপ্তরগুলোতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে, তার বিস্তারিত বিবরণ ও গৃহীত পদক্ষেপ আগামী বৈঠকে জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের সম্মানী ও ভাতা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ডিসেম্বরে তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে পরিদর্শন ও বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা।