বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান
ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের ইতিহাসে সর্বোচ্চ অনুদান সংগৃহীত হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
চ্যারিটি যে শুধুমাত্র অর্থ সাহায্যের মাধ্যম নয়, বরং আনন্দ ও ভালোবাসার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর একটি সম্মিলিত উৎসব হতে পারে, তার প্রমাণ মিলল লস অ্যাঞ্জেলেসের একটি সন্ধ্যায়। প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে সমবেত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। সংগীত, নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্যের আবহে আয়োজিত এই মানবকল্যাণমূলক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) উদ্যোগে গত রোববার লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডের চার্চ অব সায়েন্টোলজি অব দ্য ভ্যালির মিলনায়তনে ‘বাফলা চ্যারিটি নাইট ২০২৬’ অনুষ্ঠিত হয়। বর্তমানে লস অ্যাঞ্জেলেস এলাকার ৩১টি বাংলাদেশি সংগঠনের সমন্বয়ে গঠিত এই ফেডারেশন ২০০৭ সালে প্রথম বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের মাধ্যমে পরিচিতি লাভ করে। ‘স্প্রেডিং লাভ’ বা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ১ লাখ ১ হাজার মার্কিন ডলার অনুদান সংগৃহীত হয়েছে। বাফলার নেতারা জানান, সংগঠনের ইতিহাসে যেকোনো দাতব্য আয়োজনে এটিই সর্বোচ্চ অর্থ সংগ্রহের রেকর্ড এবং এটি পুরো কমিউনিটির একটি ঐতিহাসিক অর্জন।
অনুষ্ঠানে সংগৃহীত তহবিলের লক্ষ্য হলো লস অ্যাঞ্জেলেসের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি বাংলাদেশের দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। প্রতিবছর প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এই তহবিল গঠন করা হয়। বাফলার চ্যারিটি কার্যক্রমের সমন্বয় ও পরিকল্পনার দায়িত্বে ছিলেন চ্যারিটি কো-অর্ডিনেটর প্রকৌশলী সালেহ কিবরিয়া এবং চ্যারিটি কমিটির সদস্যরা।
বাফলার সভাপতি ইলিয়াস এম সিকদার ও চ্যারিটি কো-অর্ডিনেটর সালেহ কিবরিয়া জানান, সংগঠনের ইতিহাসে এই প্রথম কোনো দাতব্য আয়োজনে অনুদানের পরিমাণ এক লাখ ডলার ছাড়িয়েছে। এই অর্জনের জন্য তাঁরা দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যদের পরিশ্রমের প্রশংসা করেন। ইলিয়াস সিকদার বলেন, “এ অর্জন শুধু সংগৃহীত অর্থের পরিমাণ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জন্য আশা, সহমর্মিতা এবং সম্মিলিত প্রচেষ্টায় জীবন বদলে দেওয়ার প্রত্যয়।”
বাফলার সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল বলেন, “বাফলা কোনো একজন ব্যক্তি বা কয়েকজন মানুষের সংগঠন নয়। এটি পুরো কমিউনিটির সংগঠন। অনুষ্ঠানে মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা নিজেদের কমিউনিটি ও মানুষের কল্যাণের প্রশ্নে ঐক্যবদ্ধ।”
বিজ্ঞাপন
সালেহ কিবরিয়ার সমন্বয়ে মানবিক সহায়তা কমিটির সদস্যরা তহবিল সংগ্রহ ও দাতাদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রমে কাজ করেন। এই কমিটির সদস্যরা হলেন আবুল হাশেম, জসিম আশরাফি, খন্দকার আলম, মোরশেদ হায়দার, শিপা চৌধুরী, নজরুল আলম, শামসুদ্দিন মানিক ও শহিদুল ইসলাম। এছাড়াও বাফলার ২০২৬-২০২৮ মেয়াদের সদস্যরা এই কার্যক্রমে সহযোগিতা করেন, যাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট দাউদ বাফাতিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল, অর্থ সম্পাদক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জনসংযোগ সম্পাদক মাসুক আল রায়হান এবং সাংস্কৃতিক সম্পাদক শায়লা রুমী।
সালেহ কিবরিয়া জানান, গত ১৫ বছরে বাফলার মানবিক সহায়তা কার্যক্রম স্বচ্ছতা, সততা ও মানবসেবার প্রতি নিষ্ঠার পরিচয় দিয়েছে, যার ফলে মানুষের আস্থা অর্জন সম্ভব হয়েছে। তিনি মনে করেন, মানুষের এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অর্জন এবং একই সঙ্গে বড় দায়িত্ব।
বাফলার মানবিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক হলো সংগঠনটি শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদেরও সহায়তা করে। বাংলাদেশে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের স্থানীয় কমিউনিটিতে আর্থিক সংকটে থাকা পরিবার, অসুস্থ ব্যক্তি ও সহায়তাপ্রত্যাশী প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করে সংগঠনটি।
বাফলার চলমান ও পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় পরিবারের জন্য আবাসন, নিরাপদ পানির ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ, দাফনসংক্রান্ত সহায়তা এবং দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো। এছাড়া স্বাবলম্বী কর্মসূচির আওতায় অসচ্ছল নারীদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য গবাদিপশু, ছাগল ও রিকশাভ্যান দেওয়ার উদ্যোগ রয়েছে। নতুন স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচিতে কিডনি রোগীদের ডায়ালাইসিস, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার এবং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য চক্ষুসেবা সহায়তার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপি ৫০টি হুইলচেয়ার কেনার জন্য ৩ হাজার ৫০০ ডলার অনুদান দেয়। সংগঠনটির সভাপতি বদরুল আলম চৌধুরী বলেন, “হুইলচেয়ারগুলো চলাচলে অক্ষম মানুষের স্বাধীনতা, মর্যাদা ও দৈনন্দিন জীবনযাত্রায় সহায়তা করবে।” এছাড়া শহীদ আলম জানান, ২০২৭ সালের জানুয়ারিতে বাফলার প্যারেড ও উৎসবকে ঘিরে আরও একটি তহবিল সংগ্রহের আয়োজন করা হবে, যেখানে এক লাখ ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মল্লিকা হক ও মাহবুবুল হক। ২০০৬ সালের ৪ জুন লস অ্যাঞ্জেলেসে ২৫টি বাংলাদেশি সংগঠন ও কমিউনিটির ৪০ জন নেতার উদ্যোগে বাফলা প্রতিষ্ঠিত হয়।