গান গেয়ে ভিডিও করার ফিচার আনছে অ্যাপল মিউজিক
কারাওকে গাওয়ার পাশাপাশি ভিডিও রেকর্ড করা যাবে নতুন এই ফিচারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
অ্যাপল মিউজিক তাদের কারাওকে ফিচার ‘সিং’-এর একটি উন্নত সংস্করণ আনতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘সেলফি সিং’। প্রযুক্তি সাইট ম্যাকরিউমমার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি স্ক্রিনে ভেসে ওঠা গানের কথার সঙ্গে রিয়েল-টাইমে নিজেদের ভিডিও রেকর্ড করতে পারবেন। এর জন্য বাড়তি কোনো অ্যাপের প্রয়োজন হবে না।
বিজ্ঞাপন
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের তথ্যমতে, ফিচারটি ‘আইওএস ২৭.৩’ আপডেট সংস্করণের সঙ্গে যুক্ত হবে, যা বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে। তবে সব গানের জন্য এই সুবিধা থাকছে না; নির্দিষ্ট কিছু প্লেলিস্টের গানের ক্ষেত্রেই ফিচারটি কার্যকর হবে। অ্যাপল জানিয়েছে, “এমন কিছু গান থাকে, যা সবারই মুখস্থ, যেসব গান বাজলেই আশপাশের সবাই কোরাস গেয়ে ওঠে। প্লেলিস্টটি এমন সব গানে ভরপুর, যার প্রতিটি আপনার পরবর্তী সেলফি সিংয়ের জন্য উপযোগী।”
ব্যবহারকারীরা গান নির্বাচনের পর ক্যামেরা অন করলেই ভিডিও রেকর্ডিং শুরু করতে পারবেন। ভিডিওটি সংরক্ষণ বা শেয়ার করার আগে এতে বিভিন্ন ইফেক্ট যোগ করা যাবে। এসব ইফেক্টের মধ্যে রয়েছে ‘মেগাফোন’, ‘ইকো’, ‘কনসার্ট হল’ ও ‘স্টুডিও’র মতো সুবিধা।
বর্তমানে ‘আইওএস ২৭.৩’ বিটা সংস্করণ ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই আপডেটে নতুন সিরি এআই ফিচার এবং হেলথ অ্যাপের নতুন নকশা যুক্ত হচ্ছে। নতুন এই অপারেটিং সিস্টেমটি এ বছরের ডিসেম্বরের দিকে সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।