ইলন মাস্কের স্টারলিংক যুক্তরাষ্ট্রে মোবাইল সেবা চালু করার পরিকল্পনা
ইকোস্টারের বুস্ট মোবাইল অধিগ্রহণের মাধ্যমে মার্কিন বাজারে বড় টেলিকম কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বী হতে চায় স্পেসএক্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
স্পেসএক্সের স্টারলিংক সেবার মাধ্যমে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক চালুর পরিকল্পনা করছেন কোম্পানিটির প্রধান ইলন মাস্ক। ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, মার্কিন টেলিকম কোম্পানি ইকোস্টারের বুস্ট মোবাইল কেনার বিষয়ে আলোচনা চলছে। এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন বাজারে এটিঅ্যান্ডটি, টি-মোবাইল ও ভ্যারাইজনের মতো বড় টেলিকম কোম্পানিগুলোর শক্তিশালী প্রতিযোগী হিসেবে স্টারলিংককে প্রতিষ্ঠিত করতে চান মাস্ক। বর্তমানে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসেবে পরিচালিত বুস্ট মোবাইলের যুক্তরাষ্ট্রে ৭০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে।
বিজ্ঞাপন
বর্তমানে স্টারলিংক হাজার হাজার লো-আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে। বুস্ট মোবাইল অধিগ্রহণ করা সম্ভব হলে স্যাটেলাইট ও ভূ-পৃষ্ঠস্থ অবকাঠামোর সমন্বয়ে একটি হাইব্রিড নেটওয়ার্ক গড়ে তোলা যাবে। এর ফলে স্পেসএক্স সরাসরি বিশাল গ্রাহকগোষ্ঠী ও ডিস্ট্রিবিউশন চ্যানেলের সুবিধা পাবে। এছাড়া স্পেসএক্স ইতিমধ্যে ৬৫টি ভি২ স্টারলিংক মোবাইল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে, যা ডাইরেক্ট টু সেল প্রযুক্তির মাধ্যমে প্রচলিত টাওয়ার ছাড়াই স্মার্টফোনকে সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত করতে সক্ষম।
স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, যেখানে আকাশ দেখা যায়, সেখানেই এই প্রযুক্তি এলটিই ফোনের সঙ্গে কাজ করে এবং এর জন্য বাড়তি কোনো হার্ডওয়্যার, ফার্মওয়্যার বা অ্যাপের প্রয়োজন নেই। এটি টেক্সট, ভয়েস ও ডেটা ব্যবহারের নিরবচ্ছিন্ন সুবিধা দেয়। বর্তমানে এই সেবা বিভিন্ন দেশে মোবাইল অপারেটরদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে বুস্ট মোবাইল অধিগ্রহণের ক্ষেত্রে কিছু আইনি বা ব্যবসায়িক বাধা থাকতে পারে, কারণ কোম্পানিটি বর্তমানে এটিঅ্যান্ডটির নেটওয়ার্ক সক্ষমতা লিজ নিয়ে কাজ করছে। এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে স্পেসএক্স ও ইকোস্টার সাড়া দেয়নি।