রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিহত বীথি আক্তারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মিরপুরের রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বীথি আক্তার (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে তরুণীর দুই হাত বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত তরুণীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।
এসআই দীপক চন্দ্র নাথ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যার পর হত্যাকারীরা বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে পালিয়ে গেছে। ওই ফ্ল্যাটে আর কে থাকতেন, কারা যাতায়াত করতেন এবং নিহত তরুণী কী করতেন, তা নিয়ে তদন্ত চলছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তাঁরা এলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।