গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ
পোশাকশিল্পের সংকট নিরসনে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
১৯ নভেম্বর সামনে রেখে গোপালগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে নিজেদের কাছে তথ্য থাকার দাবি করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার সময় তিনি গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না।” এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের কার্যকর পদক্ষেপ জানতে চেয়েছেন।
বিজ্ঞাপন
শফিকুর রহমান আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় অস্থিরতার কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন। সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, “এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ বলতে ডিসি-এসপিকে এবং তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে। এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।” গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা থাকায় অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে জনজীবন বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, “১৯ তারিখে কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে—এমন ঘোষণাও দেওয়া হয়েছে বলে তাঁদের কাছে তথ্য রয়েছে।” তথ্যটি সরকারের কাছে না থাকলে ভালো, তবে পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জীবনের নিরাপত্তায় সরকারের উদ্যোগের বিষয়ে তিনি জানতে চেয়েছেন। তিনি সরকারকে সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করার আহ্বান জানান।
পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার সময় তিনি বলেন, দেশের রপ্তানির প্রায় ৮০ শতাংশ এবং বৈদেশিক মুদ্রার ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আসে এই খাত থেকে। শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং খাত ও ব্যবসার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, “উৎপাদন বন্ধ হয়ে গেলে মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবেন না। তখন কারখানায় লে-অফ, বিশৃঙ্খলা ও অগ্নিসংযোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।” বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকলে সামাজিক অস্থিরতা পুরো জাতিকে ভোগ করতে হবে বলেও তিনি সতর্ক করেন।
সংকট সমাধানে মালিক, শ্রমিক ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, “এটি শুধু সরকারের একার বিষয় নয়, দেশের অর্থনীতি রক্ষায় সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।” পাশাপাশি শ্রমিকদের সরাসরি সরকারি প্রণোদনা দেওয়ার প্রস্তাব করে তিনি জানান, পার্শ্ববর্তী দেশগুলোতেও সরকার শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসে। মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় মজুরি বোর্ডের মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
বিজ্ঞাপন
বক্তব্যের শেষ পর্যায়ে গোপালগঞ্জের পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে শফিকুর রহমান বলেন, “বিষফোড়া এক জায়গায় থাকতেই চিকিৎসা করতে হয়। এর পুঁজ রক্তে মিশে গেলে তা গোটা শরীরে ছড়িয়ে পড়ে।” গোপালগঞ্জের পরিস্থিতি ছড়িয়ে পড়ার আগেই কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, “যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করছে এবং মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”