সৌদিতে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের কথিত অপরাধের বিস্তারিত জানায়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার (১৪ অক্টোবর) এই দণ্ড কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির নাম বলা হয়েছে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি আরবের সংবাদমাধ্যম এজেল নিউজ এ তথ্য প্রকাশ করেছে।
বিবৃতি অনুযায়ী, ঘটনার তদন্ত শেষে নিরাপত্তা বাহিনী ওই দুজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনে। মামলাটি পরে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন। অপরাধের গুরুত্ব এবং স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বিবেচনামূলক শাস্তি হিসেবে তাঁদের মৃত্যুদণ্ড দেন।
এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতে বুধবার মক্কা অঞ্চলে দণ্ড কার্যকর করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।
তবে কথিত ‘অনৈতিক কর্মকাণ্ডের’ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।