সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বে সৌমেন ও মাশফিকুর
অস্ট্রেলিয়ায় আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সৌমেন চক্রবর্তীকে সভাপতি ও মাশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ‘বুয়েট ডে ২০২৬’ সম্প্রতি সিডনিতে উদযাপিত হয়েছে। সিডনির লিভারপুলের স্কাইভিউ রিসেপশন ফাংশন সেন্টারে আয়োজিত এই মিলনমেলায় তিন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ফেরদৌস আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়ামিন রাজীব তাঁদের প্রতিবেদন পেশ করেন। এরপর ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে সৌমেন চক্রবর্তী সভাপতি এবং মাশফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এই আয়োজনে সিডনিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শেলী সালেহীনসহ আইইবি অস্ট্রেলিয়া শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গবেষণায় বিশেষ সাফল্যের জন্য ড. মনোরঞ্জন পাল, ড. সুস্মিতা সাহা ও ড. আশরাফুল আজম—এই তিন কৃতী প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও উপহার বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।