নিউ ইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত হুমায়ুন কবির
২০০১ সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়া এই কর্মকর্তার পৈতৃক নিবাস শরীয়তপুর জেলায়।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মো. হুমায়ুন কবির। এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশনে কর্মরত এই কর্মকর্তাকে গত ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পদোন্নতি দেওয়া হয়।
বিজ্ঞাপন
হুমায়ুন কবিরের পৈতৃক নিবাস বাংলাদেশের শরীয়তপুর জেলায়। ২০০১ সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ২০০৫ সালে ক্যাডেট হিসেবে এনওয়াইপিডিতে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৮ সালে ম্যানহাটনের বারুচ কলেজ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর পূর্ণাঙ্গ পুলিশ অফিসার হিসেবে তাঁর যাত্রা শুরু হয়।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর ম্যানহাটন ট্রানজিট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিন বছর ম্যানহাটন ট্রানজিট পুলিশের মর্যাদাপূর্ণ ‘অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন হুমায়ুন।
২০১৭ ও ২০১৮ সালে এনওয়াইপিডির ১১৩ প্রিসিঙ্কটের ডিটেকটিভ স্কোয়াডে কাজ করার পর পদোন্নতি পেয়ে পুলিশ সার্জেন্ট হন তিনি। সার্জেন্ট হিসেবে প্রথমে ৭ প্রিসিঙ্কটে এবং পরে ওয়ান পুলিশ প্লাজায় এনওয়াইপিডির ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডিভিশনে দায়িত্ব পালন করেন।
২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হুমায়ুন কবির এবং আরেক সহকর্মী সার্জেন্ট এরশাদ সিদ্দিকী এনওয়াইপিডির ইন্টেলিজেন্স ডিভিশন থেকে নিউ ইয়র্ক সিটির মেয়রের বিশেষ নিরাপত্তা বিভাগে অন্তর্ভুক্ত হন। সেখানে প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালে তিনি ‘ডিটেকটিভ সার্জেন্ট’ পদে পদোন্নতি পান। এর ধারাবাহিকতায় ইন্টেলিজেন্স ডিভিশনে কর্মরত থাকা অবস্থায় এবার লেফটেন্যান্ট পদে উন্নীত হলেন।
বিজ্ঞাপন
এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের ঐক্যবদ্ধ করতেও অগ্রণী ভূমিকা রেখেছেন হুমায়ুন কবির। নিউ ইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূতদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০১৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ২০২০ সাল পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব সামলান তিনি।
ব্যক্তিজীবনে হুমায়ুন কবির স্ত্রী তানজিলা খান, ছেলে তাসিন কবির ও মেয়ে তাসমিয়া কবিরকে নিয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।