মোহাম্মদপুরে তরুণকে ঘিরে ধরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই
রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় অস্ত্র ঠেকিয়ে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রাব্বি আলম রাফসান (২৭) নামের এক তরুণ ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত শুক্রবার বিকেলে ঢাকা উদ্যানের জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনতা বাজারের সামনে একটি ফার্মের কাছে পৌঁছালে অন্য একটি রিকশা তাঁর পথ আটকায়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী রাব্বি আলম রাফসান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনতা বাজারের সামনে একটি ফার্মের কাছে অন্য একটি রিকশা এসে আমাদের চাপ দেয়। সঙ্গে সঙ্গে চার যুবক এসে ঘিরে ধরে, যাদের তিনজনেরই প্যান্টের ভেতর থেকে চাপাতি বের করা ছিল। তারা চাপাতির উল্টো পাশ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। আমি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কনুইতে পোঁচ দেয় এবং একজন বলে ওঠে, “ওরে কোপ দে”। তখন জীবন বাঁচানো ফরজ মনে করে আমি ফোনটি ছেড়ে দিই।’
ছিনতাইয়ের শিকার হওয়ার পর তিনি মোহাম্মদপুর থানায় অভিযোগ জানাতে যান। রাফসান অভিযোগ করেন, শুরুতে থানা থেকে তিনি আশানুরূপ সাড়া পাননি। তবে পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জেনে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো ছিনতাইকারীকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘মামলা হয়েছে, উদ্ধারে অভিযান চলছে।’