পাবনায় থানায় হামলা, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের
হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ব্যবহার করে
পাবনা জেলা প্রতিনিধি · বেড়া, পাবনা
প্রকাশ:
পাবনার বেড়া মডেল থানায় বল্লম নিয়ে হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। আজ রোববার ভোর চারটার দিকে থানার পাশের বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এই হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেলও নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্যমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হামলাকারীরা পুলিশের একটি ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আল হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। পরে থানায় হামলার খবর ছড়িয়ে পড়লে বেড়া পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার ফটকে এসে অবস্থান নেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে।' ওসি আরও জানান, হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দেওয়া হয়েছে। পুলিশ আগে থেকেই এমন হামলার আশঙ্কায় সতর্ক ছিল এবং হামলার বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যেই হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার ফটকে এসে বিক্ষোভ করেছিলেন। গত ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মুক্তির দাবিতে তাঁরা স্লোগান দিলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। এর প্রায় ছয় ঘণ্টা পর আজ ভোর চারটার দিকে শম্ভুপুর থেকে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। ১০ থেকে ১৫ মিনিট ধরে চলা এই হামলায় ইট-পাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
আল হামরা পরিবহনের অন্যতম মালিক মোমিতুল চৌধুরী জানান, ভাঙচুরে তাঁদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটি মেরামতের জন্য ইতিমধ্যেই ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পৌর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
বিজ্ঞাপন
এর আগে ১৯ থেকে ২১ নভেম্বর টানা তিন দিন বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। ১৯ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নিয়ে গেটে আঘাত করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ওই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরের দুই দিন সংঘর্ষ পৌরসভার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়া এলাকায় ছড়িয়ে পড়ে। ২১ নভেম্বর দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এসব ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছিল।