শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুর নিচে ককটেল বিস্ফোরণ
শনিবার রাতে পৃথক দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর জেলা প্রতিনিধি · শ্রীপুর, গাজীপুর
প্রকাশ:
গাজীপুরের শ্রীপুরে এক রাতে দুটি পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টা ২৫ মিনিটে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনের সড়কে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। এর ঠিক পাঁচ মিনিট পর, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে ভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান। মাওনা চৌরাস্তার ব্যবসায়ীদের ভাষ্যমতে, উড়ালসেতুর ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয় এবং ঘটনাস্থলে লাল স্কচটেপ প্যাঁচানো দুটি বিস্ফোরিত বস্তুর অংশবিশেষ পড়ে থাকতে দেখা যায়।
শ্রীপুরের ইউএনও মো. নাহিদ ভূঞা জানান, বিস্ফোরণের সময় তিনি বাসভবনের দোতলায় অবস্থান করছিলেন। বিকট শব্দ শুনে নিচে নেমে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধারণ হলেও এখন পর্যন্ত জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি এবং আশপাশের অন্যান্য ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।